টেকনাফে আটকে রাখা ১৫ ব্যক্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকা থেকে আজ শনিবার সকালে একটি বাড়ি থেকে আটকে রাখার ১২ দিন পর ১৫ ব্যক্তিকে উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) সদস্যরা।

বিজিবির ভাষ্যমতে, ওই ব্যক্তিদের সমুদ্রপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে গত ২৭ মার্চ সকালে টেকনাফ বাসস্টেশন এলাকা থেকে দালাল চক্রের সদস্যরা ওই বাড়িতে নিয়ে আটকে রাখেন।
৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, সকাল আটটার দিকে সাবরাং বিওপির চৌকির নায়েক সুবেদার বজলুর রহমানের নেতৃত্বে বিজিবি সাবরাং ইউনিয়নের কাটাবনিয়ার এলাকার বাসিন্দা আবু কালাম ও আবদুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি দুটির কক্ষ থেকে বন্দী অবস্থায় রাখা ১৫ ব্যক্তিকে উদ্ধার করা হয়। উদ্ধার করা ব্যক্তিদের বাড়ি সিরাজগঞ্জ, যশোর ও নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায় বলে জানা গেছে।
নরসিংদীর রায়পুরের বাসিন্দা জালাল মিয়া জানান, ‘বিজিবি না হলে আমাদের কী হতো, জানি না। ১২ দিন ধরে দালাল চক্রের সদস্যরা সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানো কথা বলে পৃথক দুটি কক্ষে আটকে রাখে। তারা আমাদের কাছ থেকে জনপ্রতি দুই লাখ করে টাকা দাবি করে আমাদের মারধর করে।’ তিনি বলেন, ‘নরসিংদীর দালাল চক্রের সদস্য রহিম উল্লাহ বিনা মূল্যে সমুদ্রপথে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে ২৭ মার্চ টেকনাফে নিয়ে স্থানীয় দালালদের কাছে তুলে দেয়। এর পর থেকে টেকনাফে দালাল আবু কালাম ও আবদুর রহমান আমাদের দুটি কক্ষে ১২ দিন ধরে আটকে রাখে। অবশেষে শনিবার বিজিবির সদস্যরা আমাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত্ কুমার বড়ুয়া জানান, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে কাটাবনিয়ার আবু কালাম ও আবদুর রহমানকে পলাতক আসামি করে থানায় মামলা দায়ের করেছে। উদ্ধার ব্যক্তিদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। পরে তাদের নাগরিকত্ব যাচাই-বাচাই করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।