টেকনাফে আনসারের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে আনসার-ডাকাত বন্দুকযুদ্ধে এক ডাকাত মারা গেছে। আনসারসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার বেলা দুইটার দিকে উপজেলার হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে।
নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের ইনচার্জ জালাল উদ্দিন জানান, ডাকাত দলের সদস্য মো. ছাদেক গতকাল সকালে রোহিঙ্গা শিবিরের এক তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা করে। ওই সময় ওই তরুণীর মা বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছাদেক। দুপুরের দিকে ওই শিবিরের অপর একটি কক্ষে ছাদেক অবস্থান করছে, এমন তথ্যের ভিক্তিতে শিবিরে নিয়োজিত আনসার বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে ব্যারাকে নিয়ে আসেন। ছাদেক অসুস্থতার কথা বললে ঘণ্টা খানেক পরে ছয়জন আনসার সদস্যের পাহারায় তাকে শিবিরের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হচ্ছিল। পথে আবদুল হাফেজের নেতৃত্বে ১০-১২ জন ডাকাত আনসার সদস্যদের ওপর হামলা চালিয়ে মো. ছাদেককে ছিনিয়ে নেয়। খবর পেয়ে আরও কয়েকজন আনসার সদস্য এগিয়ে এলে ডাকাতেরা তাদের লক্ষ্য করে ১২-১৫ রাউন্ড গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে আনসার সদস্যরা ছয় রাউন্ড ফাঁকা গুলি করেন। গোলাগুলিতে আনসার সদস্য হরিপদক দাশ (৩২) ও মোশারফ হোসেন (৩৮) এবং ডাকাত দলের সদস্য মো. রফিক (৩০) এবং আবদুল হাফেজ (৩৮) গুলিবিদ্ধ হন। আবদুল হাফেজকে আটক করা গেলেও মো. ছাদেক ও মো. রফিক গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যায়। গুলিবিদ্ধ দুই আনসার সদস্য ও ডাকাত আবদুল হাফেজকে পুলিশ পাহারায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আবদুল হাফেজ মারা যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আবদুল হাফেজের বিরুদ্ধে থানায় নারী নিযাতন, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।