টেকনাফে আর কোনো অপরিকল্পিত ভবন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফে এখন থেকে কোনো ভবন নির্মাণের আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) কাছ থেকে ভূমি ব্যবহার ছাড়পত্র ও ইমারতের নকশার অনুমোদন নিতে হবে। টেকনাফে আর কোনো অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করা যাবে না। গতকাল মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন কউকের চেয়ারম্যান লে. কর্নেল (অব) ফোরকান আহমদ।

সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার। উপস্থিত ছিলেন কউকের সদস্যসচিব মো. আবদুস সোবহান, উপপ্রধান নগর পরিকল্পনাবিদ সরওয়ার উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবসার, কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এইচ কে আনোয়ার, হোয়াইক্যং ইউপির চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, টেকনাফ আল-জামিয়া মাদ্রাসার অধ্যক্ষ কেফায়েত উল্লাহ, টেকনাফ পৌরসভার সচিব মহি উদ্দিন ফয়েজী প্রমুখ।

ফোরকান আহমদ বলেন, এত দিন বৃহত্তর কক্সবাজারের উন্নয়ন হয়েছে অপরিকল্পিতভাবে। যখন যেখানে ইচ্ছা বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এ ক্ষেত্রে সরকারি আইন ও বিধিনিষেধ মানা হয়নি। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত এলাকায় অপরিকল্পিতভাবে নানা অবকাঠামো তৈরি করে এর সৌন্দর্য নষ্ট করা হয়েছে। এভাবে আর চলতে দেওয়া যাবে না। এখন থেকে টেকনাফের ভূমি ব্যবহার ছাড়পত্র, ইমারতের নকশা অনুমোদনসহ প্রতিটি উন্নয়ন হবে কউকের গেজেটে উল্লেখিত মহাপরিকল্পনা অনুসারে।

সভায় কউকের সদস্য প্রকৌশলী লে. কর্নেল আনোয়ার উল ইসলাম বলেন, সরকার কউকের জন্য মাত্র চারজন সদস্য নিয়োগ দিয়েছে। আরও ৫৭৪ জনবল নিয়োগের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। ইমারত নির্মাণের নকশা অনুমোদনের জন্য এ পর্যন্ত ১০০টি মতো আবেদন পড়েছে।