টেকনাফে আরও ৫ গ্রাম প্লাবিত
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাঁচটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এতে বহু লোক পানিবন্দী হয়ে পড়েছে। এ নিয়ে গত চার দিনে টেকনাফ উপজেলায় ৪৭টি গ্রামের প্রায় এক লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়ল। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় গতকাল শনিবার বিকেল পর্যন্ত সরকারিভাবে কোনো ত্রাণসামগ্রী দেওয়া হয়নি। স্থানীয় সাংসদের ব্যক্তিগত উদ্যোগে কয়েকটি এলাকায় চাল বিতরণ করা হয়েছে।সরেজমিনে দেখা গেছে, জলোচ্ছ্বাসকবলিত এলাকাগুলোতে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। অনেককে ক্ষুধার জ্বালায় আর্তনাদ করতে দেখা গেছে। পানিবন্দী সুলতান আহমদ (৫৫) বলেন, ‘পানিতে চাল, ডাল ভিজে নষ্ট হয়েছে। চার দিন ধরে কাজকর্ম করতে না পেরে পরিবারের সদস্যদের মুখে একমুঠো ভাত দিতে পারিনি।’ভারী বৃষ্টিপাতে গতকাল ভোরে বাহারছড়া ইউনিয়নের প্লাবিত গ্রামগুলো হলো: নোয়াখালী, কচ্চপিয়া, বড় ডেইল, জাহাজপুরা ও শামলাপুর। গত শুক্রবার বিকেলে জলোচ্ছ্বাসকবলিত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি, জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো মাঈন উদ্দিন আহমদসহ কর্মকর্তারা। এর আগে সাংসদ আবদুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে বেশি ক্ষতিগ্রস্ত প্রায় হাজার খানেক পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনো সরকারি ত্রাণসামগ্রী পাওয়া যায়নি। পেলে তা বিতরণ করা হবে।