টেকনাফে আড়াই হাজার ইয়াবাসহ আটক ৩
কক্সবাজারের টেকনাফে র্যাব-৭ ও বিজিবির জওয়ানরা পৃথক অভিযান চালিয়ে দুই হাজার ৬৮৩টি ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করা হয়েছে। র্যাব ও বিজিবি সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় টেকনাফ পুরোনো বাসস্টেশন জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে বেচাকেনার সময় এক হাজার ৫০০ ইয়াবা বড়িসহ টেকনাফ সদর ইউনিয়নের খোনকারপাড়া এলাকার বাসিন্দা মৃত গুরা মিয়ার ছেলে খোরশেদ আলম (২৩) ও পৌর এলাকার অলিয়াবাদ এলাকার বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে ফয়েজুল ইসলামকে (২২) এক হাজার ৫০০ ইয়াবা বড়িসহ তাদের আটক করা হয়।র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পে সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুর রহমান বলেন, ওই এলাকায় ইয়াবা বেচাকেনার গোপন সংবাদ ছিল। তাই ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে হাতেনাতে ইয়াবা বড়িসহ তাদের আটক করা হয়। পরে সংশ্লিষ্ট ধারায় মামলা করে তাদের টেকনাফ থানা পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে। অপরদিকে, একই দিন বিকেলে উপজেলার দমদমিয়া বিজিবির চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী কক্সবাজার-জ-১১-০১২৫ বাসে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো এক হাজার ১৮৩ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।