টেকনাফে আড়াই হাজার একরে আবাদ অনিশ্চিত
কক্সবাজারের টেকনাফ উপকূলের নাফ নদী ও বঙ্গোপসাগরের বেড়িবাঁধ অরক্ষিত হয়ে পড়ায় জোয়ারের পানি প্রবেশ করে ২৭টি গ্রাম প্লাবিত হচ্ছে। এ কারণে চলতি আমন মৌসুমে আড়াই হাজার একর জমিতে চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। পাশাপাশি আগামী লবণ মৌসুমে চাষাবাদ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপকূলীয় এলাকার বেড়িবাঁধ ভাঙনের জোয়ারের পানি ঢুকে পৌর এলাকা, সদর ও সাবরাং ইউনিয়নের আড়াই হাজার একর জমিতে চাষাবাদ বন্ধ রয়েছে। শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার গ্রামের বাসিন্দা হামিদ হোসেন ও মৌলভীপাড়ার সৈয়দ আলম বলেন, ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢোকায় আমন চাষ অনিশ্চিতের পাশাপাশি আগামী লবণ মৌসুমেও চাষাবাদ ব্যাঘাত সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, নাফ নদী ও বঙ্গোপসাগরের বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে প্রতিনিয়ত জোয়ারের লবণাক্ত পানি প্রবেশ করায় প্রায় এক হাজার একর জোয়ার-ভাটায় প্লাবিত হচ্ছে। যেকোনো সময় পুরো এলাকা বিলীন হয়ে যেতে পারে।টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার বাসিন্দা খাইরুল বশর বলেন, ২০০৭ সালের জানুয়ারিতে বার্ষিক ৩৫ হাজার টাকার বিনিময়ে তিনি সাত একর জমি ছয় বছরের জন্য বর্গা নিয়েছিলেন। কিছুদিন চাষ করা গেলেও এখন আর কোনোভাবে সম্ভব হচ্ছে না। নাফ নদীর বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে পৌরসভার সাইডপাড়া, উত্তর জালিয়াপাড়া, দক্ষিণ জালিয়াপাড়া, মধ্যম জালিয়াপাড়া, খাংকার ডেইল, চৌধুরীপাড়া, শীলবনিয়াপাড়া, কায়ুকখালিয়াপাড়া, নাইট্যংপাড়া এলাকায় দীর্ঘদিন এক হাজার ৫১০ একর জমিতে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পৌরসভার মেয়র হাজি মোহাম্মদ ইসলাম।পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় সিডর ও আইলায় টেকনাফের ৬৫ কিলোমিটার বেড়িবাঁধের প্রায় ২৫ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়। মেরামত করতে প্রায় ১৫ কোটি টাকার ব্যয় বরাদ্দের জন্য একটি নকশা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু সে বরাদ্দ না পাওয়ায় সংস্কারকাজ করার জন্য বিভিন্ন মেয়াদে প্রায় ৮০ লাখ টাকা দেওয়া হলেও সেগুলোতে টেকসই বাঁধ সংস্কার সম্ভব হয়নি। ফলে বিভিন্ন সময়ের জলোচ্ছ্বাসে বাঁধের বিভিন্ন অংশে আরও কয়েকটি স্থানে ভাঙন সৃষ্টি হয়।টেকনাফ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী আবু তালহা জানান, জোয়ারের পানি ঠেকাতে হলে এখানে পাথরের স্থায়ী বাঁধের বিকল্প নেই।