টেকনাফে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার ৬ হাজার বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী কক্সবাজারের টেকনাফ উপজেলার জহিরুল ইসলাম ওরফে বাবুইয়া (২৪) গত শনিবার রাতে গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ হাজার ৮০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। জহিরুল টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের সদস্যদের নিয়ে রাত সাড়ে নয়টার দিকে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ায় (চৌধুরীপাড়া) জহিরুলদের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে তল্লাশি চালিয়ে বাড়ির আঙ্গিনা থেকে ২৮টি পোঁটলাভর্তি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, জহিরুলদের বাড়িতে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবা বড়িগুলো প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।