টেকনাফে ইয়াবা ব্যবসায়ীরা উধাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফে গত রোববার ভোরে বিজিবি ও র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হওয়ার পর ক্রসফায়ার-আতঙ্কে ইয়াবা ব্যবসায়ীরা আত্মগোপনে চলে গেছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিত কুমার বড়ুয়া বলেন, ছোট্ট এই পৌর শহরে চার শতাধিক চোরাই ও অনুমোদনবিহীন মোটরসাইকেল রয়েছে। এসব মোটরসাইকেল দিয়েই উপকূলীয় এলাকায় ইয়াবা পাচার হয়। সম্প্রতি পুলিশ, বিজিবি ও জেলা ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে শতাধিক মোটরসাইকেল জব্দ করে। গত রোববার ভোরে বিজিবি ও র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় টেকনাফের জাহিদ হোসেন জাকু ও ফরিদুল আলম নিহত হওয়ার পর তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীরা আত্মগোপনে চলে গেছেন। অবৈধ মোটরসাইকেলও উধাও হয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জনপ্রতিনিধি বলেন, থানা-পুলিশকে ম্যানেজ করেই ইয়াবা ব্যবসায়ীরা এত দিন এই দ্রুতগতির মোটরসাইকেল ব্যবহার করে আসছেন। এখন ক্রসফায়ার-আতঙ্কে ইয়াবা ব্যবসায়ীরা বাসাবাড়িতে মোটরসাইকেল লুকিয়ে রেখে আত্মগোপন করেছেন।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, মিয়ানমার থেকে নৌকাযোগে যে ইয়াবা চালান টেকনাফ আসে, তার অধিকাংশই নম্বরবিহীন মোটরসাইকেল দিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। চলতি এপ্রিল মাসে বিজিবি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৬টি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করে পুলিশে সোপর্দ করে। কিন্তু তার পরও অসংখ্য মোটরসাইকেলের বিচরণ চোখে পড়ে।
যুবলীগ নেতাসহ দুজন নিখোঁজ: গত শনিবার বেলা ১১টায় টেকনাফ পৌরসভার খায়ুকখালী সেতু থেকে সাদা পোশাকের একটি সশস্ত্র দল পৌর যুবলীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নূর মোহামঞ্চদ (২৯) ও তাঁর শ্যালক মো. সালমানকে (২৪) গাড়িতে তুলে নিয়ে যায়। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত দুজনের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ সালমানের মা গোল মেহের শনিবার রাতে টেকনাফ থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ নূর মোহামঞ্চদ কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির নিকটাত্মীয়।
র্যাব-৭ কক্সবাজারের সহকারী পরিচালক মেজর কাজী রাশেদুল আলম বলেন, তাঁরা নূর মোহামঞ্চদ ও সালমান নামে কোনো ব্যক্তিকে টেকনাফ থেকে আটক করেননি।