টেকনাফে ইয়াবা বড়ি ও বিয়ারসহ নৌকা জব্দ
মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী দিয়ে বাংলাদেশে পাচারকালে গতকাল শুক্রবার পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৩ হাজার ইয়াবা বড়ি ও ২৩৮ ক্যান বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও দুটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসার খবর পেয়ে বিজিবির জওয়ানেরা নাফ নদীতে অবস্থান নেন। ওই সময় একটি ইঞ্জিনচালিত নৌকাকে গতি রোধ করার জন্য সংকেত দেওয়া হলে পাচারকারীরা পালানোর চেষ্টা চালায়। একপর্যায়ে তারা সাবরাং এলাকার প্যারাবনে নৌকাটি উঠিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবির জওয়ানেরা নৌকাটি জব্দ করে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা অবস্থায় পলিথিন মোড়ানো একটি বড় প্যাকেট থেকে ১৩ হাজার ৩২০টি ইয়াবা বড়ি উদ্ধার করেন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকা।অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান আরও বলেন, একই দিন ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের আড়াই নম্বর স্লুইচগেট এলাকা দিয়ে পাচারের সময় সদর বিওপির টহল দলের জওয়ানেরা ২৩৮ ক্যান আন্দামান বিয়ারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেন। ইয়াবা বড়ি ও নৌকা দুটিকে থানায় জমা দিয়ে পৃথক মামলা করা হয়েছে।