টেকনাফে উপকূলজুড়ে জাল, মরছে পোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে সমুদ্র উপকূলের ৫৮ কিলোমিটার এলাকাজুড়ে চলছে চিংড়িপোনা ধরার মহোৎসব। কয়েক হাজার লোক মশারির জাল দিয়ে নির্বিচারে পোনা ধরছে। আবার অনেকে শ্রমিক দিয়েও পোনা ধরাচ্ছে। এতে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা মারা পড়ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চিংড়িপোনা ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও ৩-৪ সেন্টিমিটার লম্বা চিংড়িসহ অন্যান্য প্রজাতির বিপুল পরিমাণ পোনা ধরা হলেও এসব প্রতিরোধে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।১০ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা গেছে, শাহপরীর দ্বীপ থেকে শামলাপুর পর্যন্ত ৫৮ কিলোমিটার এলাকাজুড়ে শত শত শিশু-নারী-পুরুষ মশারির জাল দিয়ে নির্বিচারে চিংড়ি পোনা আহরণ করছে। এতে চিংড়ির পাশাপাশি অন্যান্য প্রজাতির পোনাও ধরা পড়ছে। তারা চিংড়িপোনা বেছে রেখে অন্যান্য পোনা সৈকতেই ফেলে দিচ্ছে। পোনা আহরণকারী সিরাজ মিয়া (৪০) ও হেলাল উদ্দিন (১২) জানান, এখানে প্রতিদিন লাখ লাখ টাকার চিংড়িপোনা ধরা হচ্ছে। একটি চিংড়িপোনা ধরার জন্য অন্যান্য প্রজাতির শতাধিক পোনা মারা যাচ্ছে।উপজেলার মহেষখালীয়াপাড়া গ্রামের হোসেন আলী (২০), নজির আহমদ (১২) ও নাহিদা বেগমসহ (১৫) কয়েকজন জানায়, তারা দৈনিক মজুরির ভিত্তিতে পোনা ধরছে। পোনা শিকারি অনেকেই জানায়, সমুদ্র থেকে আহরিত একেকটি চিংড়িপোনা তারা ব্যবসায়ীদের কাছে ২০ পয়সায় বিক্রি করছে। টেকনাফের পোনা ব্যবসায়ীরা তা ৫০ পয়সায় বিক্রি করেন। পোনা আহরণের জন্য বাঁশের ফ্রেমে ঘন মশারির জাল বেঁধে উপকূলে তিন-চার ফুট গভীর পানিতে পাতা হয়। এসব জালে আটকা পড়ে চিংড়ি, লকস্টার, ইলিশ, রূপচাঁদা, লাক্ষ্যা, কোড়াল, নাক কোড়াল, ছুরি, পোয়া, পাঙাশ, আইড়, মাইট্যা, লইট্যা, টেংরা, লিড়াসহ শতাধিক প্রজাতির মাছের পোনা।টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোবারক আকতার জানান, চিংড়িপোনা ধরায় এখানকার অধিকাংশ শিশু-কিশোর জড়িত। এ কারণে বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীর উপস্থিতির হার কমে যাচ্ছে।বাহারছড়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফেজ সাইফুল্লাহ এবং সাবরাং ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তি দৈনিক মজুরিতে বিভিন্ন বয়সের নারী-পুরুষ এবং শিশু-কিশোরদের দিয়ে পোনা ধরাচ্ছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ বলেন, ‘সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ এবং মৎস্য সংরক্ষণ অধ্যাদেশ অনুযায়ী উপকূলীয় এলাকায় চিংড়ির পোনাসহ সব ধরনের মাছের পোনা ধরা নিষিদ্ধ। পোনা ধরা বন্ধে বিভিন্ন সময়ে জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়।’