টেকনাফে উপবৃত্তির টাকা কেটে নেওয়ার অভিযোগ
কক্সবাজারের টেকনাফে আনন্দ স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তির লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা ৭ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ ও ঝরে পড়া শিশুদের স্কুলমুখী করতে রস্ক প্রকল্পের আওতায় ২০১০ সালে বেশ কয়েকটি বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে ২১৯টি স্কুল খোলা হয়। টেকনাফ পৌরসভায় এনজিও নারী মৈত্রীর পরিচালনাধীন ৪০টি স্কুলে এক হাজার ৩০৪ জন, হোয়াইক্যংয়ে হোপ অ্যান্ড পেইথের ৪০টি স্কুলের এক হাজার ২৪৮ জন, হিতৈষী বাংলাদেশের ৩২টি স্কুলে এক হাজার ৩১ জন, সদর ইউনিয়নে বিহঙ্গ সমাজ উন্নয়ন সংস্থার ৩৭টি স্কুলে এক হাজার ১০৪ জন, ডনের ৩৭টি স্কুলে এক হাজার ৭৭ জন এবং বাহারছড়ায় সোনার বাংলার ৩৩টি স্কুলে ৮৯৬ জন শিক্ষার্থী ভর্তি হয়।নিয়ম অনুযায়ী, ওই সব স্কুলের একেকজন শিক্ষার্থী ছয় মাস পর পর ৫০০ টাকা করে পাওয়ার কথা। এই টাকার একটি অংশ সংশ্লিষ্ট এনজিও ও কর্মকর্তারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছেন বলে অভিযোগ আছে।ব্যাংক সূত্র জানায়, রস্ক প্রকল্পের আওতায় ছয় হাজার ৬৬০ জনের জন্য বরাদ্দ হওয়া ৩৩ লাখ ৩০ হাজার টাকার মধ্যে ছয় হাজার ১২৩ জনকে ৫০০ টাকা করে ৩০ লাখ ৬১ হাজার ৫০০ টাকা বিতরণ দেখানো হয়েছে।গত মঙ্গলবার সরেজমিনে উপবৃত্তির অর্থ বিতরণের জালিয়াপাড়া কেন্দ্রে গিয়ে দেখা গেছে, নারী মৈত্রীর প্রধান নির্বাহী আনিসুর রহমান, সোনালী ব্যাংক টেকনাফ শাখার কর্মকর্তা (ক্যাশ) আবদুস সবুর ও ক্যাশিয়ার মনোয়ার হোসেনের উপস্থিতিতে শিক্ষার্থীদের উপবৃত্তি ও জামা বাবদ জনপ্রতি ৫০০ টাকা (জানুয়ারি-জুন পর্যন্ত) দেওয়া হলেও শিক্ষিকা চন্দনা ও বীণা প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০০ থেকে ২৫০ টাকা করে কেটে নিচ্ছেন। এ ব্যাপারে এ দুই শিক্ষিকার কাছে জানতে চাইলে তাঁরা জানান, নারী মৈত্রীর প্রধান নির্বাহী আনিসুর রহমান শিক্ষার্থীদের জামা বাবদ এ টাকা কেটে নিতে বলেছেন।আনিসুর রহমান বিষয়টি স্বীকার করে বলেন, শিক্ষা কার্যালয় ও ব্যাংক কর্মকর্তাদের ম্যানেজ করতে ক্লাসে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তির কিছু টাকা কেটে নেওয়া হয়েছে।কেন্দ্রে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিতে আসা বেশ কয়েকজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানান, উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে এখানে নিয়ে এসেছে। কিন্তু স্কুলে শিক্ষার্থীদের গরহাজির থাকার কারণ দেখিয়ে শিক্ষকেরা টাকা কেটে রেখেছেন। ব্যাংক কর্মকর্তা আবদুস সবুর ও মনোয়ার হোসেন বলেন, ‘সরকারিভাবে আসা শিক্ষার্থীপ্রতি ৫০০ টাকা করে বুঝিয়ে দিয়েছি। পরে কেউ সে টাকা নিয়ে ফেললে করার কিছুই নেই। কিন্তু অনুপস্থিত কিছু শিক্ষার্থীর টাকা সংশ্লিষ্ট শিক্ষকেরা আমাদের কাছ থেকে নিয়েছেন।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুবারক আক্তার রস্ক প্রকল্পে অনিয়ম-দুর্নীতির কথা স্বীকার করে জানান, পর্যাপ্ত লোকবল না থাকায় এ কাজের সঠিক তদারকি করা সম্ভব হচ্ছে না।ইউএনও আ ন ম নাজিম উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা লুটপাটের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’