টেকনাফে এক নারীর লাশ উদ্ধার, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল শুক্রবার মদিনা বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। যৌতুক না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় মদিনার স্বামী ও শাশুড়িকে আটক করেছে। পারিবারিক সূত্র জানায়, প্রায় নয় মাস আগে উপজেলার সাবরাং ইউনিয়নের পানছড়িপাড়া এলাকার মদিনা বেগমের (১৯) সঙ্গে টেকনাফ সদর ইউনিয়নের মাঠপাড়া এলাকার মোহাম্মদ করিমের (২২) বিয়ে হয়। বিয়ের পর করিম যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল ও নগদ তিন লাখ টাকা দাবি করেন। কিন্তু মদিনা জানিয়ে দেন, তাঁর পরিবারের পক্ষে যৌতুক দেওয়া সম্ভব নয়। এরপর করিম ও তাঁর পরিবারের লোকজন মদিনার ওপর নির্যাতন শুরু করেন। নির্যাতন সইতে না পেরে কিছুদিন আগে মদিনা বাবার বাড়িতে চলে আসেন। কিন্তু করিম স্ত্রীকে আবার বাড়িতে নিয়ে যান। গত বৃহস্পতিবার গভীর রাতে মদিনার বাবার বাড়িতে খবর দেওয়া হয় যে মদিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ খবর পেয়ে গতকাল সকালে মদিনার স্বজনেরা তাঁর শ্বশুরবাড়িতে যান। বেলা ১১টায় দিকে কয়েকটি শিশু বাড়ির পাতকুয়ায় একটি লাশ দেখে চিৎকার শুরু করে। পরে মদিনার মা ও চাচা আট মাসের অন্তঃসত্ত্বা মদিনার লাশ শনাক্ত করেন।টেকনাফ মডেল থানার পুলিশ মদিনার লাশ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে করিম ও তাঁর মা রশিদা বেগমকে আটক করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি বলেন, যৌতুক না পেয়ে মদিনাকে হত্যা করা হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক প্রথম আলোকে জানান, এ ঘটনায় পুলিশ করিম ও তাঁর মা রশিদা বেগমকে আটক করেছে। মদিনার বাবার বাড়ির লোকজন হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।