কক্সবাজারের টেকনাফ উপজেলায় নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত এক সপ্তাহে এ দুটি রোগে আক্রান্ত হয়ে দেড় শতাধিক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।উপজেলার বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। টানা ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ার ফলে টেকনাফের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে একাধিক গ্রাম পানিতে ডুবে থাকায় অধিকাংশ এলাকায় নিউমোনিয়া, ডায়রিয়া, ভাইরাস জ্বর ও সর্দি-কাশিতে বিভিন্ন বয়সের মানুষ আক্রান্ত হচ্ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০ থেকে ২৭ জুলাই পর্যন্ত নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত দেড় শতাধিক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এদের বেশির ভাগই শিশু।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা হলো হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার আবদুল আমিনের মেয়ে নূর আয়েশা (চার মাস), বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ঝাউবাগান এলাকার বদিউল আলমের ছেলে হোসনে মোবারেক (নয় মাস), সেন্ট মার্টিন দ্বীপের আবদুস শুক্কুরের ছেলে শামসুল হক (দশ মাস) ও টেকনাফ পৌর এলাকার পুরান পল্লানপাড়ার বাসিন্দা নূরুল ইসলাম ওরফে ধুফাইয়ার স্ত্রী শাহানাজ বেগম (৩৬)। হাসপাতালে নেওয়ার পথে এদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। টেকনাফ পৌরসভার কাউন্সিলর হাসান আহমদ, বাহারছড়ার ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ ও হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী শিশুসহ চারজনের মৃত্যুর কথা নিশ্চিত করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবদুল মান্নান বলেন, ‘এখন ভারী বর্ষণের পাশাপাশি হঠাৎ গরম অনুভূতি হওয়ায় শরীরে ঘাম শুকিয়ে মানুষ নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। এ সময়ে টেকনাফে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা একটু বেশি হলেও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’