টেকনাফে এখনো প্রায় ১০০ জেলে নিখোঁজ একজনের লাশ উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাগর উপকূলে ইঞ্জিনচালিত মাছ ধরার নিখোঁজ নৌকার বেশির ভাগই গতকাল শুক্রবার ফিরে এসেছে। তবে এখনো প্রায় ১০০ মাঝিমাল্লাসহ ১০টি নৌকা নিখোঁজ রয়েছে। এ ছাড়া গতকাল এক জেলের লাশ সাগর থেকে উদ্ধার করেছে এলাকাবাসী।ঝোড়ো আবহাওয়ার কারণে সাগর উত্তাল হওয়ার পর গত বৃহস্পতিবার প্রায় ৫০টি মাছ ধরার নৌকা নিখোঁজ হয়। এর মধ্যে ২৭টি নৌকা গতকাল ফিরে আসে। তবে স্থানীয় নৌকামালিক কবির আহমদ, আবদুল গফুর, মোহাম্মদ ইসলাম, আবদুল জব্বার, খুল্ল্যা মিয়া, আমির হামজা, শামসুদ্দিন, গফুর মিয়া, আলী আকবর ও কামাল হোসেন বলেছেন, অর্ধশতাধিক জেলেসহ তাঁদের মোট ১০টি নৌকা এখনো নিখোঁজ রয়েছে।এদিকে গতকাল বেলা একটার দিকে বাহারছড়ার বড়ডেইল উপকূল থেকে আবদুস সালাম কোম্পানির মালিকানাধীন নৌকার জেলে ও টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা ফরিদ আহমদের (৩০) লাশ উদ্ধার করা হয়।স্থানীয় জেলে খোরশেদ আলম, মোহাম্মদ ফরিদ ও রশিদ আহমদ বলেন, তাঁরা ফিরে আসার সময় সাগরে তিন চারটি লাশ ভাসতে দেখেছেন।ফিরে আসা আরও কয়েকজন জেলে দাবি করেছেন, তাঁরা ঝড়ের কবলে পড়ে বেশ কয়েকটি নৌকা ডুবে যেতে দেখেছেন।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত কয়টি নৌকা ও মাঝিমাল্লা নিখোঁজ রয়েছে, এর সুনির্দিষ্ট তথ্য তাঁরা পাননি।