টেকনাফে এবার চিংড়ি ঘেরে লবণ চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় চাষিরা এবার চিংড়ি চাষের পাশাপাশি লবণ চাষে ঝুঁকেছেন। চিংড়ি চাষে গত বছরের লোকসান কাটিয়ে উঠতেই তাঁরা এ বছর চিংড়িঘেরগুলোতে লবণ চাষ করছেন বলে জানা গেছে। চাষিরা বলেছেন, সরকার নতুন লবণ নীতিমালায় মাঠপর্যায়ে প্রতি কেজি লবণের দাম চার টাকা নির্ধারণ করায় লবণ চাষের দিকে তাঁরা এ বছর মনোযোগী হয়েছেন।সরেজমিনে এলাকা ঘুরে দেখা গেছে, গত বছর এ সময়ে উপজেলায় বিভিন্ন ইউনিয়নের দুই হাজার ৬৮৪ একর জমিতে ছোট-বড় মিলিয়ে ৪২৭টি চিংড়িঘেরে চিংড়ি চাষ করা হয়েছিল। ১০-১৫ বছর ধরে এসব জমিতে শুধু চিংড়ি চাষ হতো। পাঁচ-সাত বছরের জন্য দাদন ও বর্গা নেওয়া চিংড়িচাষিরা লোকসানে পড়ায় বাধ্য হয়ে তাঁরা লবণ চাষ করছেন।স্থানীয় ঘেরমালিক ও চাষিরা জানান, গত বছর ভাইরাসের কারণে চিংড়িঘেরগুলোতে বড় ধরনের মড়ক দেখা দেয়। যেসব ঘেরের চিংড়ি মরেনি, বেঁচে গেলেও সেগুলো আশানুরূপ বাড়েনি। ফলে উৎপাদন হয়েছে খুবই কম। এ ছাড়া কেজিপ্রতি দামও কমেছে ১০০-১৫০ টাকার মতো। সব মিলিয়ে পুঁজিও তুলে আনা যায়নি এবং অনেকের লোকসান গুনতে হয়েছে।উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং এলাকার মেসার্স বোরাক চিংড়িঘেরের মালিক মো. ইব্রাহিম ও টেকনাফে খোনকারপাড়ার মেসার্স আহমদ চিংড়িঘেরের মালিক শফিক আহমদ বলেন, গত মৌসুমে দুই হাজার ৬৮৪ একর জমিতে চিংড়ি চাষে চাষিদের প্রায় তিন কোটি টাকার মতো খরচ পড়লেও ৮০-৯০ লাখ টাকার বেশি আয় করা সম্ভব হয়নি। বর্গাচাষি মোহাম্মদ ইউছুফ বলেন, ‘প্রতিবছরের জন্য ৬০ হাজার টাকায় (প্রতি ৪০ শতক) জমি বর্গা নিয়ে বিপাকে পড়ে গেছি। লোকসান নিশ্চিত। তাই লবণ চাষ করে তা কিছুটা হলেও কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’চাষিদের বক্তব্যমতে, উপজেলার অধিকাংশ চিংড়িঘেরে ভাইরাসযুক্ত পোনা অবমুক্ত করার কারণে তাঁদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হয়েছিল। ভাইরাস শনাক্তকরণের জন্য কোনো ধরনের পরীক্ষাগার না থাকায় স্থানীয় চিংড়িঘেরের মালিকেরা পরীক্ষা ছাড়াই পোনা অবমুক্ত করেন।বিসিক অফিস সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলায় গত বছর সাড়ে পাঁচ হাজার একর জমিতে প্রায় পাঁচ লাখ ২০ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন করা সম্ভব হয়েছিল। দেশে প্রচুর পরিমাণে লবণ উৎপাদন হলেও মিয়ানমার থেকে চোরাপথে লবণ আসায় স্থানীয় চাষিদের লোকসান গুনতে হয়। এবার চাষিরা বিলম্বে লবণ চাষে নামার কারণে লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা ড. শরিফ উদ্দিন বলেন, এ উপজেলায় দুই হাজার ৬৮৪ একর জমিতে চিংড়ি চাষ করা হয়। দীর্ঘ ১০-১৫ বছর ধরে যেসব জমিতে চিংড়ি চাষ হয়ে আসছিল, বর্তমানে সেখানে ৮০-৯০ শতাংশ জমিতে এবার লবণ চাষ করছেন স্থানীয় ঘেরমালিক ও চাষিরা। তবে লবণ চাষের পরও একই জমিতে তাঁরা আবার চিংড়ি চাষ করতে পারবেন। তাতে জমির উর্বরাশক্তির কোনো ক্ষতি হবে না এবং চিংড়ি উৎপাদনও ভালো হবে। এতে একই জমিতে লবণ ও চিংড়ি চাষ করে চাষিরা অধিক লাভবান হবেন। এ কারণেই চাষিরা অধিক লাভের আশা নিয়ে লবণ চাষের দিকে ঝুঁকে পড়েছেন।টেকনাফ উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিক মিয়া প্রথম আলোকে বলেন, সরকার লবণচাষিদের কথা চিন্তা করে জাতীয় লবণনীতি ঘোষণার পাশাপাশি মাঠপর্যায়ে প্রতি কেজি চার টাকা মূল্য নির্ধারণ করে দেওয়ায় এখন চাষিরা লবণ চাষে আগ্রহ বাড়িয়েছেন। তিনি আরও বলেন, চোরাপথে লবণ আসা ঠেকানো গেলে চাষিরা গত বছরের লোকসান পুষিয়ে নিতে পারবেন বলে তাঁরা আশা করছেন।