টেকনাফে এসআইয়ের বিরুদ্ধে নানা অভিযোগ
কক্সবাজারের টেকনাফ থানার এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। আবদুল বাতেন নামের এই পুলিশ কর্মকর্তা বিভিন্ন সময়ে ইয়াবা বড়ি আটক করলেও তা সরকারি ভান্ডারে জমা না করে বিক্রি করে দিয়েছেন। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া গেছে।গত বছরের ১০ নভেম্বর এবং এ বছরের ১২ ফেব্রুয়ারি বাতেনের বিরুদ্ধে কক্সবাজারের পুলিশ সুপার, চট্টগ্রাম বিভাগীয় পুলিশ কমিশনার ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে লিখিত অভিযোগ দেন এলাকার লোকজন। অভিযোগে বলা হয়, গত বছরের ১৬ নভেম্বর দেড় হাজার ইয়াবা বড়িসহ সাবরাং পানছড়ি পাড়ার মোহাম্মদ ইদ্রিসকে আটক করে পুলিশ। কিন্তু পরে ৬৫ হাজার টাকার বিনিময়ে তাঁকে ছেড়ে দেন বাতেন। উদ্ধার করা ইয়াবাও তিনি পরে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। সাবরাং ইউনিয়নের ৫০ জন ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে মাসিক জনপ্রতি ১০-১৫ হাজার টাকা চাঁদা নেন এই পুলিশ কর্মকর্তা। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি শাহপরীর দ্বীপের চিহ্নিত মাদক ব্যবসায়ী সমুদা বেগম ও সুফিয়া খাতুনকে আটক করার নির্দেশ দেন পুলিশ সুপার। কিন্তু এই দুজনকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। লিখিত অভিযোগে বলা হয়, গত বছরের ৪ নভেম্বর সাবরাং ইউনিয়নে এক তরুণীকে ধর্ষণের চেষ্টাকালে এলাকাবাসী আবু তাহের নামের এক যুবককে আটক করে বাতেনের কাছে সোপর্দ করে। কিন্তু পরের দিন তাহেরকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। গত বছরের ১৩, ১৪ ও ১৬ অক্টোবর এবং ৪ ও ৫ নভেম্বর কোনো অভিযোগ ছাড়াই এসআই বাতেন ১৫ জনকে আটক করেন। ঘুষ নিয়ে পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। গত ১৮ সেপ্টেম্বর বাহারছড়া ফাঁড়ির পুলিশ টেকনাফের ডাকাতসর্দার মোস্তাককে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করেন। সে সময় এসআই আবদুল বাতেন এবং ওসির দায়িত্বে থাকা এক উপপরিদর্শক ঘুষের বিনিময়ে মোস্তাককে ছেড়ে দেন। এ ঘটনায় আবদুল বাতেনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। কিন্তু কিছু দিন পরেই তিনি থানায় ফিরে আসেন।যোগাযোগ করা হলে এসআই বাতেন বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। একপর্যায়ে তিনি বলেন, ‘পত্রিকায় লিখে কী করবেন? ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে কাজ করছি। তাই সবাই আমাকে ভালো জানেন ও চেনেন।’এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজারের পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি প্রথম আলোকে বলেন, ‘ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে। একজন সহকারী পুলিশ সুপারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’