টেকনাফে কায়ুকখালিয়া খাল যেন ডাস্টবিন
কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় প্রয়োজনীয় ডাস্টবিন নেই। যেসব ডাস্টবিন আছে সেগুলোও বসানো হয়েছে অপরিকল্পিতভাবে। নেই সুষ্ঠু ড্রেনেজের (নালা) ব্যবস্থা। ফলে মানুষ যেখানে সেখানে আর্বজনা ফেলছে।বিশেষ করে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে পৌর এলাকার পানিপ্রবাহের একমাত্র কায়ুকখালিয়া খালে। তাই এ খালটি ডাস্টবিনে পরিণত হয়েছে। এতে দুর্গন্ধে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার পুকুরের পানি ব্যবহারকারী লোকজনের মধ্যে দেখা যাচ্ছে চর্ম, শ্বাসকষ্টসহ নানা রকমের রোগবালাই।কায়ুকখালিয়া খালসংলগ্ন এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করে জানায়, পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতাকর্মীরা মিনি-ট্রাকযোগে বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা এনে এই খালে ফেলছেন। এতে করে এলাকার পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি দুর্গন্ধে নাক চেপে চলাচল করতে হচ্ছে পৌরবাসীকে। সরেজমিনে দেখা যায়, পৌরসভার লেঙ্গুরবিল ব্যাটালিয়ন সড়কের ইসলামাবাদ এলাকায় বড় একটি পুকুর রয়েছে। স্থানীয় লোকজন গোসল ও গৃহস্থালির কাজে এ পুকুরের পানি ব্যবহার করে। পুকুরটির সঙ্গে যুক্ত রয়েছে খালের একটি নালা।আশপাশের বাজারের দোকানের, স্থানীয় মাছ, মাংস, হোটেল, রেস্তোরাঁ ও লবণমিল কারখানার পলিথিনের বর্জ্য পরিষ্কার করা হয় এই পুকুর থেকে। এতে এই পুকুরের পানি ব্যবহারকারী লোকজন চর্মরোগ ও শ্বাসকষ্টসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে।অলিয়াবাদ ও ইসলামাবাদ এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী (৫০), নুরুল আলম (৪৫) ও হোসেন আহমদ (৪৮) জানান, পৌরসভায় পর্যাপ্ত নালা (ড্রেন) না থাকায় খালসহ বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলা হয়। খালসংলগ্ন এলাকার হোটেল-বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি অনেকে তাদের গোসলখানা ও শৌচাগারের বর্জ্য এবং পানি পাইপলাইনের মাধ্যমে খালে ফেলছে। এতে পানি দূষিত হয়ে পড়ছে। দূষিত পানি ব্যবহার করে লোকজন চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এতে করে শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। এ ছাড়া পুকুরে মশার বংশবিস্তার ও চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে।এলাকার বাসিন্দা আবুল কালাম জানান, গত জুন মাসে তাঁর বাবাসহ পরিবারের তিন শিশুসন্তান একই সময়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়। চিকিৎসার জন্য ঘরে চিকিৎসক এলে তিনি পাশের পুকুরে ময়লা-আবর্জনা দেখে ওই পুকুরের পানি নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহার না করার পরামর্শ দেন।পৌরসভার সচিব জহির উদ্দিন বলেন, ‘পৌরসভার একটি মিনি-ট্রাক দিয়ে ময়লা-আবর্জনা এনে খালসংলগ্ন ভাঙার একটি নির্দিষ্ট স্থানে ফেলা হয়। তবে যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলার জন্য পৌরসভার জনসাধারণকে সচেতন হতে হবে।’টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিশুরোগ বিশেষজ্ঞ আতাউর রহমান বলেন, ‘খালসংলগ্ন পুকুরের দূষিত পানি পেটে গেলে আমাশয়ে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এ ছাড়া মশাবাহিত ডেঙ্গু, ম্যালেরিয়া এবং চর্মরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।’ টেকনাফ পৌরসভার মেয়র হাজি মো. ইসলাম পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন নেই স্বীকার করে বলেন, আগে যাঁরা ক্ষমতায় ছিলেন, তাঁরা শুধু ডাস্টবিনের নামে পৌর তহবিলের টাকা আত্মসাৎ করেছেন। এখন কিছু এলাকায় ডাস্টবিন ও নালা স্থাপনের গুরুত্ব দেখা দিয়েছে। তাই শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।