টেকনাফে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ওসমান গণি (১৬) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জেলার চকরিয়া এলাকায় তার মৃত্যু হয়।নিহত ওসমান উপজেলার লেদা রোহিঙ্গা বস্তির এফ ব্লকের ১১৯ নম্বর কক্ষের মামুনুর রশিদের ছেলে। সে টেকনাফের বড় বাজারে মোহাম্মদ রশীদের ভ্রাম্যমাণ চটপটির দোকানে কাজ করত। এ ঘটনায় চটপটি বিক্রেতা রশীদ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যা মামলা করেছেন।মামলার আসামিরা হলো টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া এলাকার বাসিন্দা কামাল ওরফে নন্দ কামাল (৪০), তাঁর স্ত্রী লাইলা বেগম (৩৫), ছেলে মোহাম্মদ জামাল (১৮) ও মোহাম্মদ বাক্কুন (১৬)।মামলার এজাহারে বলা হয়েছে, ২২ মার্চ রাত নয়টার দিকে চটপটির দোকান বন্ধ করে মালামাল ভ্যানগাড়িতে করে বাড়ি ফিরছিল ওসমান। পথে পুরান পল্লান পাড়ায় জামালের সঙ্গে ভ্যানগাড়িটি ধাক্কা খায়। এতে জামাল ক্ষিপ্ত হয়ে ওসমানকে মারধর করে রাস্তায় ফেলে রাখে। কিছুক্ষণ পর জামালের বাবা কামাল, মা লাইলা ও ছোট ভাই বাক্কুন লাঠিসোঁটা নিয়ে ওসমানকে বেদম পেটায়। পরে লোকজন এসে গুরুতর আহত অবস্থায় ওসমানকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আয়াত উল্লাহ জানান, ওসমানকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। শুনেছি, সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে ওসমানের মৃত্যু হয়।চিকিৎসক আয়াত উল্লাহ জানান, ওসমানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এর মধ্যে মাথায় আঘাত পেয়েছে বেশি।