টেকনাফে কুপিয়ে একজনকে হত্যা
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ এলাকায় বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের হাতে আহত আবদুস শুক্কুর (২১) নামের এক ব্যক্তি গতকাল শুক্রবার বিকেলে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। শুক্কুর উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ আশ্রয়কেন্দ্রের বাসিন্দা গুরামিয়ার ছেলে।
এ ঘটনায় আরও একজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতে আবদুস শুক্কুর রাতের আঁধারে বাড়ি ফেরার পথে তাঁকে গতিরোধ করেন টর্চলাইট ছিনতাইয়ের চেষ্টা চালায় একই এলাকার বাসিন্দা মীর আহমদের ছেলে আবদুল্লাহ। এ সময় শুক্কুর চিৎকার করলে আবদুল্লাহ পালিয়ে যান। এরই সূত্র ধরে বৃহস্পতিবার রাত নয়টায় হ্নীলা বাজারে আবদুস শুক্কুর ও আবদুল্লাহের মধ্যে টর্চলাইট ছিনতাইয়ের চেষ্টার ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পরে আবদুস শুক্কুর বাজার থেকে বাড়ি ফেরার পথে হামজারছড়া এলাকায় পৌঁছালে আবদুল্লাহ, উসমান, নুর নবী, আবদুল নবীসহ আরও কয়েকজন তাঁর পথরোধ করে মারধর করে। এ সময় আবদুস শুক্কুরের চিৎকার শুনে একই এলাকার হোসেন আহমদের স্ত্রী নয়না খাতুন এগিয়ে এলে তাঁদের দুজনকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে গতকাল তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল পাঁচটার দিকে চট্টগ্রামের পটিয়ায় পৌঁছালে শুক্কুর মারা যান।
স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন আবদুস শুক্কুরের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বলেন, আহত নয়না খাতুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, ‘এ ঘটনায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার বিষয়টি শুনেছি এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’