টেকনাফে কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তল্লাশি চৌকিতে গতকাল রোববার সকালে একটি বাসে অভিযান চালিয়ে এক কেজি ৪৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার করা যুবকের নাম মো. আনোয়ার হোসেন (২২)। তাঁর বাড়ি ঢাকার যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায়।বিজিবি সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টেকনাফগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ওই হেরোইন উদ্ধার করা হয়। বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, ওই হেরোইন মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে কুমিল্লা থেকে আনা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি পাঁচ লাখ টাকা। পরীক্ষার জন্য ওই হেরোইন ঢাকায় পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, পরে ওই যুবককে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়।টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। প্রসঙ্গত, ২০১০ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে ঢাকা থেকে টেকনাফগামী বাসে তল্লাশি চালিয়ে (ওই সময়ের বিডিআর) সদস্যরা কক্সবাজার-টেকনাফ মহাসড়ক থেকে প্রায় সাত কেজি ওজনের হেরোইনের পাঁচটি চালান জব্দ করে। এসব ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল আবারও হেরোইন উদ্ধার করা হলো।