টেকনাফে কোস্টগার্ডের হাতে মিয়ানমারের ১২ নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় গত বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে কোস্টগার্ডের সদস্যরা মিয়ানমারের ১২ নাগরিককে আটক করেছেন। তাঁরা ট্রলারে করে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন।কোস্টগার্ড সূত্র জানায়, শাহপরীর দ্বীপ কোস্টগার্ডের সদস্যরা বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে নাফ নদীর মোহনায় টহলরত অবস্থায় মিয়ানমার থেকে আসা একটি ট্রলারের গতিবিধি পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে থামার সংকেত দেওয়া হলে ট্রলারটি বদরমোকাম চরে উঠিয়ে দিয়ে ২০-২৫ জন পালিয়ে যায়। তবে ট্রলারটিসহ বাকি ১২ জনকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড। সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে তাঁদের টেকনাফ মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন: মিয়ানমারের মংডু টাউনশিফের নয়াপাড়া এলাকার আক্তার হোসেন মাঝি, মো. আলী, মো. ফারুক, মো. ইয়াকুব, মো. রফিক, ঢংখালীর মো. ইব্রাহিম, নুরুল ইসলাম, সীতাপাড়ার মোহামঞ্চদ জুবাইর, রাজারবিলের মো. রফিক, মো. হারুন, মওছড়ির ছলিম উল্লাহ এবং পুরানপাড়ার আলী আহমদ। আটক ব্যক্তিরা জানান, মংডু টাউনশিফের সিকদার পাড়ার মং মং নামের এক দালাল জনপ্রতি তিন লাখ কিয়েট (মিয়ানমারের স্থানীয় মুদ্রা) নিয়ে সাগরপথে তাঁদের মালয়েশিয়ায় পাঠাচ্ছিলেন। কিন্তু শাহপরীর দ্বীপ থেকে আরও কিছু লোক ট্রলারে ওঠানোর সময় তাঁরা কোস্টগার্ডের হাতে ধরা পড়েন।কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, আটক ব্যক্তিদের আজ শনিবার সকালে কক্সবাজার আদালতে পাঠানো হবে।