টেকনাফে খাওয়ার পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পূর্ণিমার জোয়ারের সঙ্গে সাগরের লোনা পানি প্রবেশ করায় খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এলাকার নলকূপগুলোর পানি লবণাক্ত হয়ে যাওয়ায় ১৫ গ্রামের ২৫ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।সংশ্লিষ্ট এলাকা ঘুরে জানা গেছে, গত ২৭ থেকে ৩০ মে বঙ্গোপসাগরে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ঘোলাপাড়া, দক্ষিণপাড়া, মাঝরপাড়া, পশ্চিমপাড়া, ডাঙ্গারপাড়া, উত্তরপাড়া, মাঝরডেইল, ক্যাম্পপাড়া, জালিয়াপাড়া, মগপুরা, বিলপাড়া, হারিয়াখালী, কচুবনিয়া, কাটাবনিয়া, লাফার ঘোনা এলাকার নলকূপে লোনা পানি প্রবেশ করায় এখন তা গৃহস্থালির কাজে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ক্যাম্পপাড়ার গৃহিণী সোনা মেহের বলেন, ‘জুঁর পানি পত্যদিন আরাঁর ঘর-বাড়িদ ঢুকে। পয়তি ঘরর পাইকর পানি নোনা অই গিয়ই। এহন খাইবার পানির লাই কষ্ট পাইর।’দক্ষিণপাড়ার বাসিন্দা বদিউর রহমান ও হোসেন আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জলোচ্ছ্বাসে খোলা বেড়িবাঁধ দিয়ে প্রতি মাসের ১৫ দিন পূর্ণিমা-অমাবস্যার জোয়ারে সাগরের লোনা পানি ঢুকে আমাদের নলকূপগুলো লবণাক্ত হয়ে গেছে।’উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নূর হোসেন বলেন, খোলা বেড়িবাঁধ মেরামত না হওয়া পর্যন্ত লোনা পানি প্রবেশ করা নলকূপগুলোর কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ আতাউর রহমান বলেন, জলোচ্ছ্বাস-কবলিত এলাকার মানুষকে লবণাক্ত নলকূপ, পুকুরসহ বিভিন্ন স্থানের পানি ব্যবহার ও পান করা থেকে বিরত থাকতে হবে। না হয় ডায়রিয়া, জন্ডিসসহ নানা পেটের পীড়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন বলেন, ‘নলকূপগুলোর পানি লবণাক্ত হয়ে ২৫ হাজারের বেশি মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে শুনেছি। কিন্তু বেড়িবাঁধ মেরামত না হওয়া পর্যন্ত এ সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না।’