টেকনাফে খাবার পানির জন্য হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় জলোচ্ছ্বাসে সাগরের লোনাপানি প্রবেশ করায় খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এলাকার নলকূপ ও পাতকুয়াগুলোর পানি লবণাক্ত হয়ে যাওয়ায় ৩০ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।সংশ্লিষ্ট এলাকা ঘুরে জানা গেছে, গত ১৫ জুন থেকে নাফ নদী ও বঙ্গোপসাগরে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে সংশ্লিষ্ট এলাকার নলকূপ ও পাতকুয়ায় লোনাপানি প্রবেশ করায় এখন তা গৃহস্থালির কাজে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।টেকনাফ জালিয়াপাড়ার গৃহিণী জমিলা বেগম বলেন, ‘জুর পানি পত্যদিন আরাঁর ঘর-বাড়িদ ঢুকে। ফুঁয়াতি গরত পাতকুয়ার পানি নোনা অই গিয়ই। এহন খাইবার পানির লাই কষ্ট পাইর।’শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলম ও লাল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর থেকে প্রতি মাসে দুবার পূর্ণিমা-অমাবস্যার জোয়ারে সাগরের লোনাপানি ঢুকে আমাদের নলকূপগুলো লবণাক্ত হয়ে গেছে।’টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবদুল মান্নান বলেন, জলোচ্ছ্বাসকবলিত এলাকার মানুষ পুকুরসহ বিভিন্ন স্থানের পানি ব্যবহার ও পান করা থেকে বিরত থাকতে হবে। না হয় ডায়রিয়া, জন্ডিসসহ নানা পেটের পীড়ায় রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন বলেন, নলকূপ ও পাতকুয়াগুলোর পানি লবণাক্ত হয়ে ৩০ হাজারের বেশি মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।