টেকনাফে খাল দখল জলাবদ্ধতার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার একটি খালের তীর দখল করে মাটি ভরাট করা হচ্ছে। আওয়ামী লীগের স্থানীয় নেতা ও পৌরসভার কাউন্সিলর নজির আহমদ ‘হেচ্ছার খাল’ দখল করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে দুর্ভোগে পড়বে আট-দশটি গ্রামের বাসিন্দারা।সরেজমিন দেখা গেছে, সাত-আটজন শ্রমিক পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় হেচ্ছার খাল থেকে বালু উত্তোলন করে খালের তীর ভরাট করছে। ইতিমধ্যে অনেক জায়গা ভরাট হয়েছে। এর এক পাশে পলিথিন ও বাঁশ দিয়ে খুপরি ঘর তোলা হয়েছে। খালের যে অংশ ভরাট করা হচ্ছে, সেটি হাসপাতাল মোড় এলাকার অন্তর্ভুক্ত।এলাকাবাসী জানায়, হেচ্ছার খাল নাইট্যংপাড়া পাহাড়ি এলাকা দিয়ে প্রবাহিত হয়ে নাফ নদীতে মিশেছে। এই খাল দিয়ে উপজেলা সদর এলাকা ছাড়াও ফকিরামুরা, বৈদ্যরঘোনা, টুইনারমুরা, ধুমপেরাংমুরা, নাজিরঘোনা, শিয়াল্যারঘোনা, নাইট্যংপাড়াসহ আট-দশটি গ্রামের পানি নিষ্কাশিত হয়। এই খালে মাছ ধরার নৌকাসহ দুই শতাধিক নৌকা চলাচল করে। কিছু দিন আগে হঠাৎ করে নাইট্যংপাড়া গ্রামের বাসিন্দা কাউন্সিলর নজির আহমদ শ্রমিক নিয়োগ করে খাল থেকে বালু তুলে তা দিয়ে খালের পাড় ভরাট করছেন। এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করে জানায়, এভাবে খাল ভরাট করলে পানি প্রবাহ বিঘ্নিত হবে। এলাকায় সৃষ্টি হবে জলাবদ্ধতার।বালু উত্তোলন ও ভরাটে নিয়োজিত শ্রমিক জাফর আহমদ (৭০) ও এনায়েত উল্লাহ (২২) বলেন, ‘জনপ্রতি দৈনিক আড়াই শ টাকার বিনিময়ে কাজ করছি। এটা সরকারি জায়গা, তা জানি। নজির আহমদ আমাদের বলেছেন, “এখন আমার সরকার ক্ষমতায়। তোমাদের কিছুই হবে না”।’টেকনাফ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌরসভার কাউন্সিলর নজির আহমদ বলেন, ‘যুবলীগের কিছু গরিব কর্মীর থাকার জন্য আমার নাম ব্যবহার করে খালের পাড় ভরাট করা হচ্ছে। সরকারি জায়গা পড়ে থাকায় খালের পাশে ঘর নির্মাণ করা হচ্ছে।’ পানি প্রবাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রসঙ্গে নজির আহমদ বলেন, ‘দীর্ঘদিন ধরে খালটির খননকাজ বন্ধ রয়েছে। তাই বালু উত্তোলন করা হচ্ছে। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলছে।’টেকনাফের ভূমি সহকারী কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ভূমি অফিসের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ করা হয়। কিন্তু শ্রমিকেরা পরে আবার উত্তোলন শুরু করে। বিষয়টি ঊধ্বর্তন কর্মকর্তাদের জানানো হয়েছে।পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হাছান আহমদ বলেন, খালের জায়গা দখলের ঘটনা দুঃখজনক। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হবে।টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন জানান, খাল থেকে বালু উত্তোলন বন্ধ করার পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।