টেকনাফে খালের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া খালে গতকাল শনিবার সকালে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলো মহিউদ্দিন (১০) ও ইরফান উদ্দিন (৭)।
মহিউদ্দিন ডাঙ্গরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে ও ইরফান উদ্দিন ডাঙ্গরপাড়া নূরানী মাদ্রাসায় পড়ত। তাদের বাবা শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়া এলাকার মনির উল্লাহ।
পরিবার সূত্র জানায়, গতকাল সকালে দুই ভাই ঘুম থেকে উঠে ঘরে বাবাকে দেখতে না পেয়ে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সমুদ্রসৈকতে যায়। এ সময় মনির উল্লাহ নৌকা থেকে মাছ খালাস করছিলেন। দুই ছেলের সঙ্গে কথা বলার পর তাদের বাড়ি ফিরে যেতে বলেন তিনি। ফেরার পথে মহিউদ্দিন ও ইরফান এলাকার পশ্চিমপাড়া খালে গোসল করতে নামে। তাদের সঙ্গে আরও ছয়-সাতজন শিশু ছিল। এ সময় হঠাৎ দুই ভাই পানিতে ডুবে যায়। অন্য শিশুরা তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে পরিবারকে বিষয়টি জানায়। পরে গ্রামের লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুই শিশুকেই মৃত ঘোষণা করা হয়।
ডাঙ্গরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ উল্লাহ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুই শিশুর মধ্যে মহিউদ্দিন বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।