কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গ্রামে গতকাল বৃহস্পতিবার ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
নিহত ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী মাদ্রাসাপাড়ার শাহজালাল (২৬) ও ছৈয়দুল আমিন (৩৫)।
ডাকাতের গুলিতে পুলিশ কনস্টেবল হিরু দেব, স্থানীয় আবদুল শুক্কুর, হামিদ হোসেন, কালা মিয়া, নবী হোসেন, অলী আহমদ, নুরুল আমিন, মো. আফসার ও খুরশেদুল আলমসহ কমপক্ষে ২০ জন আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরে ১০-১৫ জন ডাকাত রঙ্গিখালী গ্রামে হানা দেয়। এ সময় স্থানীয় লোকজন চারদিক থেকে তাদের ঘিরে ফেললে তারা ফাঁকা গুলি ছুড়তে থাকে। পরে লোকজন ধাওয়া করে ডাকাত শাহজালাল ও ছৈয়দুল আমিনকে আটক করে গণপিটুনি দেয়।
পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে ডাকাতেরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধে ২০ জন আহত হয়।
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শফিক আহমদ বলেন, ‘দিনদুপুরে অস্ত্র নিয়ে ডাকাতেরা গ্রামে হানা দেয়। বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাত দলের অন্য সদস্যরা পাশের পাহাড়ে আত্মগোপন করে। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।’
দিদারুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, গণপিটুনিতে আহত ডাকাত শাহজালাল ও ছৈয়দুল আমিন ও ডাকাতের গুলিতে আহত পুলিশ কনস্টেবল হিরু দেবকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি জানান, ঘটনাস্থল থেকে দুটি দেশে তৈরি লম্বা বন্দুক ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।
টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এনামুল হক বলেন, অবস্থার অবনতি হলে শাহজালাল ও ছৈয়দুল আমিন এবং হিরু দেবকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল সূত্র জানায়, বিকেল পাঁচটায় কক্সবাজার সদর হাসপাতালে গণপিটুনিতে আহত দুই ডাকাত মারা যায়। আর অবস্থার অবনতি হওয়ায় হিরু দেবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
টেকনাফ থানার ওসি মোহামঞ্চদ ফরহাদ বলেন, নিহত শাহজালালের বিরুদ্ধে টেকনাফ থানায় ডাকাতি, নারী নির্যাতন ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে ২০টি এবং ছৈয়দুল আমিনের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।