টেকনাফে গরু চুরি বেড়েছে, কৃষকেরা গোয়ালঘরে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় গরু চুরি বেড়ে গেছে। গরুচোরদের উর্যাপাতে কৃষকেরা অতিষ্ঠ। গরু হারানোর আতঙ্কে গোয়ালঘরেই রাত কাটাতে বাধ্য হচ্ছেন তাঁরা।উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী গ্রামের একাধিক কৃষক বলেন, তাঁরা প্রতিদিন গ্রামে পালা করে পাহারা দিচ্ছেন। গ্রামের যুবকেরা রাতে ঘুমান না। বাড়িপ্রতি একজন লোককে পাহারাদার নিযুক্ত করা হয়েছে। তার পরও শেষ রক্ষা হয় না। চোরেরা ঠিকই কৌশলে গরু চুরি করে। শীলখালীর মোমিনা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর নিজস্ব কোনো আয় নেই। দুটি বাছুরসহ চারটি গাভি ছিল। এ থেকে দুধ বিক্রি করে সামান্য যে টাকা আসত, তা দিয়ে কোনোমতে সংসার চালাতেন। কিন্তু চোরেরা তাঁর দুটি গাভি চুরি করে নিয়ে গেছে।টেকনাফ সদর ইউনিয়নের ধুমপেরাং বিল গ্রামের আবু তাহের বলেন, তিন মাস আগে তাঁর তিনটি হালের বলদ চুরি হওয়ার পর একটি বাছুর ছিল। সেটিও গত শনিবার চুরি হয়ে গেছে। গরু চুরির পর টাকা দিয়ে তা ফিরিয়ে এনেছেন, এমন অনেকে নাম না প্রকাশ করার শর্তে জানান, থানায় গরু চুরির মামলা করেও লাভ নেই। বরং দালাল দিয়ে গরু ফিরিয়ে আনাই ভালো। বাহারছড়ার চৌকিদারপাড়া গ্রামের নুরুল আমিন, মোহাম্মদ আলী ও আবদুল গফুর বলেন, গরু চুরি করতে না পেরে চোরেরা গত ১২ অক্টোবর তাঁদের ঘরের অন্যান্য জিনিস চুরি করে নিয়ে গেছে। টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘গরু চুরি বন্ধ করতে আমরা তর্যাপর। এ পর্যন্ত অনেককে ধরাও হয়েছে।’