টেকনাফে গরু বেচাকেনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
কক্সবাজারের টেকনাফে গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে গরু বেচাকেনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সদর ইউনিয়নের গোদারবিল এলাকায়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল টেকনাফ পৌরসভার পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে গরুর হাটে সদর ইউনিয়নের গোদারবিল এলাকার বাসিন্দা মৃত আবদুল জলিলের ছেলে আবদুর রহমান ওরফে ছইল্যার সঙ্গে একই এলাকার মুসা আলীর ছেলে ওমর হাকিমের গরু বেচাকেনা নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন লম্বা কিরিচ, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে জড়ো হলে উত্তেজনা দেখা দেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আলম ঘটনাস্থলে এসে তাঁদের শান্ত করেন এবং এ ঘটনায় শুক্রবার বিকেলে সালিসের দিন ধার্য করে তাড়িয়ে দেন। ওমর হাকিম তাঁর লোকজন নিয়ে বাড়ি ফেরার পথে গোদারবিল নামক এলাকায় এলে প্রতিপক্ষ আবদুর রহমান ওরফে ছইল্যা তাঁদের ওপর লম্বা কিরিচ, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে ওমর হাকিমের বাঁ হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায় এবং উভয় পক্ষে ১০ জন আহত হন।
আহত ব্যক্তিরা হলেন ওমর হাকিম (৫৫), আলী আহমদ (৪০), আবদুল আজিজ (৩৫), আবদুল আরজ (৩৩), সেবর আলম (২৫), আমির হোছন (৩২), ছৈয়দ হোছন (৩৭), মোহামঞ্চদ হেলাল (২৫), বদি আলম (৩৮) ও আবদুস শুক্কুর (১৯)।
এ সময় স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত ওমর হাকিম, আলী আহমদ, আবদুল আজিজ ও আবদুল আরজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। পরে অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ ফরহাদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।