টেকনাফে গুলিবিনিময়ে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল বৃহস্পতিবার সকালে শীলখালী বন বিভাগের বনকর্মীদের সঙ্গে গাছচোরদের গুলিবিনিময়ের ঘটনায় মো. ইউনুচ (২৫) নামের গাছচোর চক্রের একজন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। তিনি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মহেষখালিয়াপাড়া এলাকার বাসিন্দা নূরুল ইসলামের ছেলে।
বন বিভাগ সূত্র জানায়, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের শীলখালী রেঞ্জের বাহারছড়া ইউনিয়নের বিটে ২০০৫-০৬ সালে ৬০ হেক্টর বনভূমিতে সামাজিক বনায়নের মাধ্যমে ৬০ জন উপকারভোগীর তত্ত্বাবধানে প্রায় ৩০ হাজার আকাশমণিগাছ রোপণ করা হয়। গাছগুলো বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে চোর চক্রের সদস্যরা প্রতিনিয়ত গাছ কেটে নিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গতকাল সকাল আটটার দিকে শীলখালী বিটের সামাজিক বনায়নে মধ্যম হ্নীলা এলাকায় গাছচোর চক্রের ১৫-২০ জন সদস্যরা কিছু গাছ কাটছিলেন—এ খবর পেয়ে শীলখালী বিট কর্মকর্তা ইউছুপ আলী, বনপ্রহরী রুহুল কাদের ও উপকারভোগী মনির আহমদ ঘটনাস্থলে গেলে গাছচোর চক্রের সদস্যরা তাঁদের লক্ষ্য গুলি বর্ষণ করলে বনকর্মীরা আত্মরক্ষার্থে তিনটি গুলি বর্ষণ করেন। এতে উভয় পক্ষে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
খবর পেয়ে জেলার দক্ষিণ সহকারী বন সংরক্ষক রেজাউল করিম চৌধুরী ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ যৌথ অভিযানে গেলে গাছচোর চক্রের সদস্যরা পালিয়ে যান।
এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনের লাশ ও কিছু কাটা গাছ জব্দ করা হয়। পুলিশ লাশটি উদ্ধার করে বাহারছড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। পরে স্থানীয় লোকজন লাশটি হোয়াইক্যং ইউনিয়নের মহেষখালিয়াপাড়ার বাসিন্দা নূরুল ইসলামের ছেলে মো. ইউনুচের বলে শনাক্ত করেন।
জেলা দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক রেজাউল করিম চৌধুরী জানান, এ ঘটনায় বনকর্মী ইউছুপ আলী, বনপ্রহরী রুহুল কাদের, উপভোগী মনির আহমদ আহত হন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া জানান, বনকর্মী ও গাছচোর চক্রের গুলিবিনিময়ের পরে ওই বনভূমি থেকে কিছু কাটা গাছ ও গুলিবিদ্ধ একজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।