টেকনাফে গৃহবধূর সঙ্গে ওসির দুর্ব্যবহারের অভিযোগ
কক্সবাজারের টেকনাফ থানায় গতকাল শুক্রবার দুপুরে স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করতে থানায় গিয়ে এক গৃহবধূ হেনস্তা হয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম তাঁর সঙ্গ দুর্ব্যবহারের পাশাপাশি বিয়ের নোটারি করা কাগজপত্র ছিঁড়ে ফেলেন বলে তিনি অভিযোগ করেন। ওই গৃহবধূর নাম মোবিনা খাতুন। তিনি নীলা ইউনিয়নের মৌলভীবাজারের ধুলা মিয়ার মেয়ে। দুপুরে মোবিনা খাতুন টেকনাফ প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের জানান, টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল গ্রামের আবদুল মোনাফের ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে ২০১০ সালের ১৮ অক্টোবর ৯৮ নম্বর নোটারির মাধ্যমে তাঁর বিয়ে হয়। বিয়েতে দুই লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়। জাহাঙ্গীর এত দিন তাঁর সঙ্গে সংসার করেন। এখন তিনি প্রতারণা করে বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জেনেছেন। মোবিনা অভিযোগ করেন, ‘স্বামীর কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে প্রতারণার প্রতিকার চেয়ে আমি বিয়ের কাগজপত্র নিয়ে টেকনাফ থানায় অভিযোগ দায়ের করতে ওসির কাছে যাই। কিন্তু তিনি আমার সঙ্গে দুর্ব্যবহার করে অভিযোগপত্রসহ বিবাহত্তোর নোটারি করা সনদপত্রের মূলকপি ছিঁড়ে ফেলেন এবং আমাকে আটক করার হুমকি দিয়ে থানা থেকে বের করে দেন।’টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় আসা হলে অভিযোগকারীকে পারিবারিক আদালতের আশ্রয় নিতে বলা হয়েছে।