টেকনাফে চলছে ফিটনেস ও নিবন্ধনহীন যানবাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার ১০টি সড়কে ফিটনেস ও নিবন্ধন ছাড়াই চলছে চান্দের গাড়ি (জিপ), হাইচ, অটোরিকশা ও টেম্পো। এসব যানবাহন থানার পুলিশ, কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সামনে দিয়ে চলাচল করলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।টেকনাফ বাস মালিক ও শ্রমিক সমিতি সূত্রে জানা গেছে, টেকনাফের বিভিন্ন সড়কে প্রতিদিন কমপক্ষে পাঁচ শতাধিক যানবাহন চলাচল করে। এসবের বেশির ভাগের ফিটনেস ও নিবন্ধন নেই।অভিযোগ পাওয়া গেছে, ফিটনেস ও নিবন্ধন না থাকায় পুলিশ প্রশাসনকে প্রতিদিন দুটি করে চান্দের গাড়ি, একটি করে হাইচ ও অটোরিকশা ব্যবহার করতে দিতে হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন চালক জানান, আইন প্রয়োগকারী সংস্থার নাম ব্যবহার করে হাইচ, অটোরিকশা ও টেম্পো থেকে প্রতি মাসে ১৫০-২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে।হোয়াইক্যং এলাকার কলেজছাত্র নজরুল ইসলাম জানান, জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে হোয়াইক্যং থেকে টেকনাফ পৌরসভা পর্যন্ত প্রতিদিন তাঁকে কলেজে যাতায়াত করতে হচ্ছে। পুরোনো এসব যানবাহনে আসনের চেয়ে বেশি যাত্রী ওঠানো হয়। তার পরও বিকল্প না থাকায় বাধ্য হয়ে এসব যানবাহনে যাতায়াত করতে হচ্ছে।শাহ পরীর দ্বীপের বাসিন্দা আমির হোসেন জানান, চান্দের গাড়ি ও অটোরিকশাগুলো সিট-নির্ধারিত স্থানের চেয়ে অতিরিক্ত যাত্রী পরিবহন করলেও প্রশাসনের কোনো নজরদারি নেই।টেকনাফ-হ্নীলা সড়কের চান্দের গাড়ির চালক আবদুর রশিদ (১৫) জানায়, এ সড়কে চলাচলকারী অনেক গাড়িরই ফিটনেসের পাশাপাশি নিবন্ধন নেই। আর ফিটনেস ও নিবন্ধন না থাকলেও আইন প্রয়োগকারী সংস্থার এক শ্রেণীর দালালদের কাছে প্রতি মাসে ১৫০-২০০ টাকা দিতে হয়। এতে করে গাড়ির ফিটনেস ও নিবন্ধন থাকা আর না থাকা একই কথা।কক্সবাজার জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল হুদা চৌধুরী জানান, টেকনাফের বিভিন্ন সড়কে চলাচলকারী অনেক গাড়ির ফিটনেস ও নিবন্ধন নেই। এসব গাড়ি ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহূত হয়।টেকনাফ জিপ মালিক সমিতির সভাপতি হাছান আহমদ জানান, কিছু কিছু এলাকায় চলাচলকারী জিপে লাইটের সমস্যা রয়েছে। মালিকদের অপ্রাপ্তবয়স্ক চালকদের গাড়ি না দিতে সমিতির পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বেশির ভাগ গাড়ির ফিটনেস ও নিবন্ধন না থাকার সত্যতা স্বীকার করে জানান, এসব যানবাহন যেসব সড়কে চলাচল করে, সেগুলো ওই সব সড়কের একমাত্র যানবাহন। তাই ইচ্ছা করলেই সেগুলো বন্ধ করে দেওয়া যায় না। বন্ধ করে দিলে সবচেয়ে বেশি সমস্যা হবে এলাকাবাসীর। ফিটনেস ও নিবন্ধনবিহীন যানবাহন থেকে প্রশাসনের নামে কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বিআরটিএ কক্সবাজারের সহকারী পরিচালক বিমলন্দ চাকমা জানান, টেকনাফে ফিটনেস ও নিবন্ধনবিহীন যানবাহন চলাচল করছে বলে অভিযোগ পাওয়া গেছে, কিন্তু লোকবল না থাকায় বিআরটিএর পক্ষে অভিযান চালানো সম্ভব হচ্ছে না।৪২ বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, টেকনাফে অধিকাংশ সড়কে চলাচলকারী চান্দের গাড়ি, অটোরিকশা ও টেম্পো ফিটনেসবিহীন। এসব যানবাহন চোরাচালানের কাজে ব্যবহার করা হচ্ছে। বিজিবি গত তিন মাসে চোরাচালানের কাজে ব্যবহূত ১১টি যানবাহন জব্দ করেছে বলে তিনি প্রথম আলোকে জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন জানান, ফিটনেস ও নিবন্ধনবিহীন এসব যানবাহনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।