টেকনাফে চলছে সংরক্ষিত বন দখলের উ ৎ সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালি রেঞ্জের রাজারছড়ায় সামাজিক বনায়নের গাছ কেটে বনভূমি দখলের পাঁয়তারা চলছে। এলাকাবাসীর কাছে নিজেদের আওয়ামী লীগের লোক বলে পরিচয় দিয়ে বন উজাড় করে চলেছে একটি মহল। বন কর্মকর্তা, এলাকাবাসী—সবাই অসহায় তাদের কাছে।টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সামাজিক বনায়ন অংশীদার কমিটির সাধারণ সম্পাদক এ বি এম আবুল হোসেন বলেন, স্থানীয় একটি কুচক্রী মহল আওয়ামী লীগের নাম ভাঙিয়ে সামাজিক বনায়নের ৭০ হাজার গাছ উজাড় করেছে। তারা কেউই আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তারা এখন লাল পতাকা উড়িয়ে ঝুপড়ি তুলে বন দখলের চেষ্টা করছে।বন বিভাগ সূত্র জানায়, ২০০৩-০৪ অর্থবছরে রাজারছড়ায় ৫০ হেক্টর এলাকায় ৫০ জন উপভোগকারীর নামে সামাজিক বনায়ন করা হয়। প্রতি হেক্টরে দুই হাজার ৫০০টি করে এক লাখ ২৫ হাজার চারা লাগানো হয় এখানে। তবে এর মধ্যে প্রায় ২৫ হেক্টর এলাকার চারাই নষ্ট হয়। বাকি ২৫ হেক্টরে আরও প্রায় ৭০ হাজার গাছ থেকে যায়। চলতি ২০১১ সালের জুলাই থেকে ১০ আগস্ট—এ সময়ের মধ্যে ওই কুচক্রী মহলটি এর প্রায় ২০০ গাছই কেটে ফেলে।নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ওই সন্ত্রাসীরা এখন রাজারছড়া খালের পূর্বে ঘূর্ণি পাহাড় নামক স্থানে লাল পতাকা উড়িয়ে ঘর তুলে থাকছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সশস্ত্র এসব জবরদখলকারী কর্মকর্তাদের নাজেহাল করে ও প্রাণনাশের হুমকি দেয়।বন বিভাগ সূত্র আরও জানায়, এ ঘটনার পর কক্সবাজার বন আদালতে ১৩ ও ১৪ আগস্ট জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। এতে ফিরোজ আহমদ, আহমদ শরীফ, হোছেন আহমদ, আবুল কাসেম, ইকবাল, ধইল্যা, ইছমাইলসহ ২২ জনকে অভিযুক্ত করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, প্রতিদিন ওই ছাপড়াঘরে লম্বা কিরিচ, দা, লোহার রডসহ অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক পাহারায় থাকে। এলাকাবাসীর কাছে তারা নিজেদের আওয়ামী লীগের লোক বলে পরিচয় দেয়। তারা বনে ঘরবাড়ি তৈরি করতে চেষ্টা করছে।রাজারছড়া বন বিট কর্মকর্তা মো. শরীফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পুরো এলাকায় সাড়ে তিন হাজার একর বনভূমি রক্ষার জন্য বন বিভাগের মাত্র তিনজন কর্মী আছে। এর মধ্যে আবার দুজন বৃদ্ধ। এ অবস্থায় ঘটনাস্থল থেকে কয়েকটি লাল পতাকা জব্দ করা ছাড়া তেমন কিছু করা সম্ভব হয়নি আমাদের। উল্টো আমি নিজেই নিরাপত্তাহীনতায় আছি।’সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবদুর রহমান জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।এদিকে, বন আদালতে মামলার পর সাত দিনেরও বেশি সময় অতিবাহিত হলেও টেকনাফ থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার জানান, এখনো তাঁরা বন আদালত থেকে কোনো নির্দেশনা পাননি। নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।