কক্সবাজারের টেকনাফ উপজেলায় নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত চার দিনে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় দেড় শতাধিক রোগী ভর্তি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাহারছড়া ও সেন্ট মার্টিন ইউনিয়নে নিউমোনিয়া এবং ডায়রিয়ায় মারা যাওয়া শিশুরা হলো: বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামের আবুল বশরের ছেলে খালেদ হোসেন (২) ও সেন্ট মার্টিন দ্বীপের গুরা মিয়ার মেয়ে নুর বেগম (৩)।বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিব উল্লাহ ও সেন্ট মার্টিন ইউপির চেয়ারম্যান নুরুল আমিন দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সামসুজ্জাহান রকিবুন্নেছা চৌধুরী বলেন, গত কয়েক দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দেড় শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুরোগবিশেষজ্ঞ আতাউর রহমান বলেন, মৌসুম পরিবর্তন ও তীব্র গরমের কারণে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।