টেকনাফে চিংড়িঘেরে গুলি বিনিময়, আহত ১৫
কক্সবাজারের টেকনাফে চিংড়িঘেরে আধিপত্য বিস্তার নিয়ে আবারও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন। গুলিবিদ্ধ ব্যক্তিদের কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, নাফ নদীসংলগ্ন ও উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের হাউজেরদিয়া নামক এলাকায় পালংখালী ফাঁড়িয়াবিল মৎস্যজীবী উন্নয়ন সমবায় সমিতির চিংড়িঘেরে পাঁচটি ব্লক রয়েছে। এর ৪ নম্বর ব্লকটি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই সদ্যবিদায়ী উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল মনজুর দখল করে নেন। সমিতির সাধারণ সম্পাদক ও পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, মোকতার হোসেন, ফরিদ আলমসহ আরও ১০-১৫ জন অস্ত্রধারী গত শনিবার রাত আনুমানিক ১১টার দিকে ঘের এলাকায় গিয়ে গুলিবর্ষণ শুরু করেন। এতে ঘেরে থাকা আবুল মনজুরের শ্রমিকেরা পালাতে গিয়ে আহত হন। কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিবুর সাত্তার বলেন, ঘেরে গোলাগুলিতে গুলিবিদ্ধ চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁরা হলেন জাহেদ হোসেন (৩০), কামাল হোসেন (৩২), আনোয়ার হোসেন (৩৫) ও আনোয়ার মিয়া (৪০)।হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজী নাজমূল হক গোলাগুলির কথা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেননি।