টেকনাফে চোরাচালান প্রতিরোধে বিজিবি ও ব্যবসায়ীদের বৈঠক
রমজান মাস সামনে রেখে মিয়ানমারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চোরাচালান প্রতিরোধে গতকাল রোববার বেলা ১১টার দিকে কক্সবাজারের টেকনাফে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সম্মেলনকক্ষে একটি সভা হয়েছে। সভায় টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান, অপারেশন অফিসার মেজর শামসুজ্জামান মো. আরিফ উল ইসলাম ও মেডিকেল অফিসার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম ছাড়াও উপজেলার সার, ভোজ্যতেল, ডিজেল ও মুদি দোকানের শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীরা সীমিত লাভে পণ্যসামগ্রী বিক্রির পাশাপাশি চোরাচালান প্রতিরোধে আইনপ্রয়োগকারী সংস্থাকে সহযোগিতার আশ্বাস দেন।সভায় লে. কর্নেল জাহিদ হাসান বলেন, রমজান মাসের আগে সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারে সার, ভোজ্যতেল ও চিনি পাচার বেড়ে গেছে। এতে আমাদের দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। তিনি চোরাচালান প্রতিরোধে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।