টেকনাফে জঙ্গি সন্দেহে তিন ব্যক্তি গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় জঙ্গি সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে প্রায় এক হাজার ২০০টি ধর্মীয় পুস্তিকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো, চাঁপাইনবাবগঞ্জের নয়নসুখা গ্রামের হাবিবুর রহমানের ছেলে রেজাউল করিম, নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাতগড়া গ্রামের আবদুল খন্দকারের ছেলে আবদুল জালাল ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা গ্রামের মৃত কালু মিয়ার ছেলে কবির আহমদ। টেকনাফ থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ওই এলাকায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ধর্মীয় পুস্তিকা বিতরণ করছিলেন। এ সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, গতকাল সকালে সাত দিনের রিমান্ড আবেদন করে তাদের কক্সবাজার আদালতে পাঠালে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।