টেকনাফে জমি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ উপজেলার হ্নীলা বাসস্টেশন এলাকার দক্ষিণ সিকদারপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত হয়েছেন৷ গতকাল সোমবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দুই বছর ধরে ব্যবসায়ী হাজি নুরুল বশরের সঙ্গে একই এলাকার বাসিন্দা রশিদ আহমদের জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল৷ এ ঘটনায় উভয় পক্ষ আদালতের শরণাপন্ন হলে জমির ওপর আদালত নিষেধাজ্ঞা জারি করেন৷ গতকাল বেলা সাড়ে ১২টার দিকে নিষেধাজ্ঞা অম্যান্য করে রশিদ আহমদ লোকজন নিয়ে জমির সীমানাপিলার ভাঙতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়৷ একপর্যায়ে রশিদ আহমদ, হেলাল উদ্দিন, জসিম উদ্দিন, নূর হোছন ও নেজাম উদ্দিনের নেতৃত্বে ১০-১২ জন লোক ধারালো অস্ত্র, লোহার রড, লম্বা কিরিচ, খুন্তি ও লাঠিসোঁটা নিয়ে নুরুল বশরের বাড়িতে হামলা চালালে নারীসহ পাঁচজন আহত হন।
আহতরা হলেন হাজি নুরুল বশর, মো. হাসান, আমিনুল ইসলাম, সালেহা বেগম ও নূরজাহান।
হ্নীলা ইউপি চেয়ারম্যান মীর কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এর আগে তাঁদের জমি বিরোধ নিয়ে একাধিকবার পরিষদে বৈঠক হয়েছিল৷ তাতেও নিষ্পত্তি না হওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে৷ এ ঘটনায় তাদের মধ্যে গতকাল সোমবার দুপুরে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।