টেকনাফে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৭
কক্সবাজারের টেকনাফ উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। গতকাল শনিবার হ্নীলা ইউনিয়নের মোচনীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে ওই গ্রামের মৃত আলী আহমদের ছোট ছেলে মকতুল হোসেন পৈতৃক জমিতে চাষাবাদ করতে যান। এ সময় তাঁর বড় ভাই নুরুল ইসলাম তাঁকে বাধা দেন। কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন দা, কিরিচ, লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হেলাল উদ্দিন, মাঈনউদ্দিন, জালাল উদ্দিন, জোহুরা বেগম, নুরুল ইসলাম, সাদ্দাম হোসেন, মো. ছিদ্দিক, আবু ছিদ্দিক, মো. শফিক, আশিকুর রহমান, ফরিদুল আলম, মকতুল হোসেনসহ আরও পাঁচজন আহত হন। পরে এলাকাবাসী আহত লোকদের উদ্ধার করে টেকনাফ ও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলী বলেন, ওই দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আগামীকাল সালিস বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতকাল সন্ধ্যায় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।