টেকনাফে জেটি ভেঙে নারী ও শিশুসহ আহত ৫৬
কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া গ্রামে গতকাল শুক্রবার একটি কাঠের জেটি ভেঙে নারী-শিশুসহ কমপক্ষে ৫৬ পর্যটক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানায়, গতকাল সকালে দমদমিয়ায় নাফ নদীতে রাখা সেন্ট মার্টিনগামী দুটি জাহাজে উঠতে ওই কাঠের জেটিতে পাঁচ শতাধিক পর্যটক ভিড় করেন। এ সময় চাপ সামলাতে না পেরে জেটির একটি অংশ ভেঙে প্রায় ২০০ পর্যটক নাফ নদীতে পড়ে যান। এতে অর্ধশতাধিক শিশু-কিশোর, নারী ও পুরুষ আহত হন। পরে স্থানীয় লোকজন ও বিজিবির সদস্যরা নদীতে নেমে পর্যটকদের উদ্ধার করেন। এর মধ্যে গুরুতর আহত ৩৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটক মেহেদী হাসান, আবদুস সালাম, মো. নাছির, মো. ফরিদ, মনির আহমদ, এরফান, জমিলুর রহমান, হাসান খোরশেদ, ওসমান গনি, আসমা আকতার, শিরিন, ফজলে হাসান, সমীরণ দাশ, শিপ্রা দাশ, তাবাসুম, নওরীন, রওশন আহমদ, সালমা রহমান, লিটন বড়ুয়া, সাইফুল ইসলাম ও আজিজুল হকের শরীর কেটে গেছে। নদীর তলদেশে আট-দশ ইঞ্চি লম্বা এক ধরনের ধারালো গাছের আঘাতে তাঁদের এ অবস্থা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আয়াত উল্লাহ জানান, আহত পর্যটকদের প্রাথমিক চিকিৎসা শেষে বিকেলে ছেড়ে দেওয়া হয়েছে। জেটির মালিক টেকনাফের দিদার হোসেন জানান, অতিরিক্ত পর্যটক তাড়াহুড়ো করে একসঙ্গে জাহাজে উঠতে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। পর্যটক নাজিউর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা দুই হাজার ৫০০ টাকা দিয়ে পাঁচটি টিকিট কিনেছিলেন। জেটি ভাঙার পর সেই টিকিট নদীতে হারিয়ে যায়। কিন্তু টিকিট দেখাতে না পারায় ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়নি। এ প্রসঙ্গে দিদার হোসেন বলেন, যাঁরা সেন্ট মার্টিন যেতে পারেননি, তাঁদের টিকিটের টাকা ঘটনাস্থলেই ফেরত দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন জানান, ঝুঁকি নিয়ে পর্যটক পারাপার এবং নড়বড়ে জেটি স্থাপনের কারণে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন জেটির মালিক দিদার হোসেনকে ১০ হাজার এবং জাহাজ অবকাশ ক্রুজকে ১৫ হাজার ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।