টেকনাফে জয়নালের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে জয়নাল হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

গতকাল সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

গত বুধবার খারাংখালীর মহেষখালিয়াপাড়া গ্রামে দুই ব্যক্তির মধ্যে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় জয়নাল গুলিবিদ্ধ হয়ে মারা যান।

টেকনাফ-কক্সবাজার সড়কের খারাংখালী বাজারে মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়েজ উদ্দিন, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহেদ হোসেন, যুবলীগের নেতা মো. ইসমাইল, নিহত জয়নালের বাবা জালাল আহমদ, মা শহর বানু ও ভাই সাদ্দাম হোসেন।

পরিবারের অভিযোগ, হত্যাকারীরা মামলা তুলে নিতে বাদীসহ পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।

বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে জয়নাল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় টেকনাফ-কক্সবাজার সড়ক অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, ঘটনার পর নিহত ব্যক্তির ভাই মমতাজ
উদ্দিন ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।