টেকনাফে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কার্যক্রম
দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। দেবে গেছে মেঝে। বিমেও ফাটল। যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে ছাদ। তার পরও এখানেই বসে দাপ্তরিক কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এটি টেকনাফ পৌরসভা ভবন। উপজেলা প্রশাসনেও একই অবস্থা। টেকনাফ পৌরসভার প্রকৌশলী জহির আহমদ বলেন, জেলা পরিষদের ডাকবাংলো ভাড়ায় নিয়ে পৌরসভার কার্যক্রম চালানো হচ্ছে। ভবনটি ঝুঁকিপূর্ণ কিন্তু তার পরও কাজ করতে হচ্ছে। মৎস্য বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভবনে একটি শৌচাগার আছে। কিন্তু ওই অংশটিতে ফাটল দেখা দেওয়ায় ভয়ে কেউ সেদিকে পা বাড়ান না। সূত্র জানায়, ১৯৬৫ সালে পাকিস্তান আমলে অধিকাংশ ভবন নির্মাণ করা হয়। এরপর থেকে ভবনের তেমন সংস্কার করা হয়নি। মাঝেমধ্যে বিভিন্ন কক্ষে শুধু চুনকাম করা হয়। টেকনাফ উপজেলা পরিষদের ইউএনও অফিসের সহকারী (চতুর্থ শ্রেণীর কমচারী) বিশ্বজিৎ বড়ুয়া বলেন, ‘ভবনে কাজ করা কঠিন হয়ে পড়েছে। পলেস্তারা খসে পড়ছে। দেয়ালে সৃষ্টি হয়েছে ফাটল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুদল্লাহ আল-মামুন বলেন, ‘বৃষ্টির পানি পড়ে অফিসের গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট হচ্ছে। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি দিন দিন নড়বড়ে হয়ে পড়ছে।’টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন বলেন, ‘আমার থাকার বাসভবনের অবস্থাও খুবই নাজুক। সামান্য বৃষ্টিতে ছাদ চুইয়ে পানি পড়ে। উপজেলা পরিষদ ও আবাসিক ভবনগুলো নতুনভাবে নির্মাণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে।’