টেকনাফে টহলে যাওয়ার সময় বিজিবি সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় টহলে যাওয়ার সময় তোফাজ্জল হোসেন (৫৭) নামের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে।

তোফাজ্জল হোসেন হ্নীলা সীমান্ত চৌকির হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগারী গ্রামে।

আজ শনিবার সন্ধ্যার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় হেঁটে হেঁটে টহলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হ্নীলা সীমান্ত এলাকায় টহলে যাওয়ার জন্য তোফাজ্জল চৌকি থেকে বের হন। চৌকি থেকে প্রায় ৫০০ গজ হেঁটে যেতেই হঠাৎ করে তিনি মাটিতে পড়ে যান। এ সময় সঙ্গে থাকা সহকর্মীরা তাঁকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তোফাজ্জল হোসেনকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা সুপ্তা দাশ প্রথম আলোকে বলেন, হাসপাতালে নেওয়ার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক এস এম আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তোফাজ্জল হ্নীলা সীমান্ত চৌকির হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। কাল ব্যাটালিয়ন সদরে জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি পাঠানো হবে।