টেকনাফে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার রঙ্গিখালী এলাকায় গতকাল সোমবার ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী আবদুর রহমান (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
আবদুর রহমানের বাড়ি উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের উত্তরপাড়া গ্রামে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, গতকাল দুপুরে টেকনাফগামী একটি ট্রাক কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে দাঁড়ানো আবদুর রহমানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. নুরুল আলম দীন জানান, আবদুর রহমান মাথায় আঘাত পেয়েছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আবদুর রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।