টেকনাফে ডায়রিয়া, নিউমোনিয়া ও ম্যালেরিয়ায় পাঁচজনের মৃত্যু
কক্সবাজারের টেকনাফ উপজেলায় গত এক সপ্তাহে নিউমোনিয়া, ডায়রিয়া ও ম্যালেরিয়ায় পাঁচজন রোগী মারা গেছেন। একই সঙ্গে এসব রোগে চার শতাধিক মানুষ আক্রান্ত হয়েছে। এদের মধ্যে দেড় শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হন। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৯ নভেম্বর সন্ধ্যায় পৌর এলাকার পুরান পল্লানপাড়ার মো. সব্বির আহমদের ছেলে মোহাম্মদ (৫২) ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ৭ নভেম্বর পৌর এলাকার জালিয়াপাড়ার মো. রুবেল মিয়ার ছেলে মো. ইয়াছিন (১১ মাস) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে মারা যায়। ৫ নভেম্বর সাবরাং নয়াপাড়ার মৃত আবুল কালামের ছেলে আবদুল হাসান (৫০) ও আলীর ডেইলের মৃত সৈয়দ করিমের ছেলে উমর মিয়া সওদাগর (৪৫) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরদিন সকালে তাঁরা মারা যান। ৩ নভেম্বর জাহাজপুরা গ্রামের আলী হোসেনের মেয়ে ফাতেমা (১৩ মাস) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। গত মঙ্গল ও বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত অনেক রোগী শয্যা না পেয়ে হাসপাতালের বারান্দা ও মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন। নুরজাহান বেগম (৩২) নামের এক অভিভাবক জানান, হাসপাতালে কোনো শয্যা না পেয়ে নিউমোনিয়ায় আক্রান্ত মেয়েকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স মুন্নি দত্ত জানান, কয়েক দিন ধরে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা একটু বেশি। এর পাশাপাশি ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীরাও হাসপাতালে আসছেন। শেষ মুহূর্তে হাসপাতালে নিয়ে আসায় অনেক রোগীকে বাঁচানো সম্ভব হচ্ছে না।আবাসিক চিকিৎসা কর্মকর্তা বখতিয়ার আলম বলেন, ডায়রিয়া, নিউমোনিয়া ও ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা একটু বেশি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মৌসুম পরিবর্তনের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোজাফ্ফর আহমদ বলেন, এক সপ্তাহে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত দেড় শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পর্যাপ্ত সংখ্যক শয্যা না থাকায় নিউমোনিয়ায় আক্রান্ত রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।