অমাবস্যার অস্বাভাবিক জোয়ার, টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। এতে ওই ইউনিয়নে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
স্থানীয় সূত্র জানায়, রোয়ানুর আঘাতে ইউনিয়নের গোলাপাড়ায় বেড়িবাঁধের দুটি অংশে ভাঙন দেখা দেয়। অমাবস্যা-পূর্ণিমার সময় ভেঙে যাওয়া অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে কয়েকটি গ্রাম প্লাবিত হয়।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, কোমর থেকে বুকসমান পানিতে ডুবে আছে রোপণ করা আমন ধানের চারা। ডুবে আছে অনেক বীজতলা। কোনো কোনো এলাকায় কৃষকদের পানিতে ডুবে যাওয়া চারা তুলে রাখতে দেখা যায়।
ইউনিয়নের উত্তরপাড়া এলাকার কৃষক জামাল হোসেন বলেন, ‘দুই একর জমিতে আমনের বীজতলা করেছি। এক সপ্তাহ পর বীজতলা থেকে চারা তুলে নিয়ে জমিতে রোপণ করার কথা ছিল। কিন্তু অস্বাভাবিক জোয়ারের সঙ্গে ভারী বর্ষণের পানি মিশে জলাবদ্ধতা দেখা দেয়। এতে বীজতলা ডুবে সব চারা পচে গেছে।’
একই গ্রামের কৃষক আবদুস সালাম ও কবির আহমদসহ অনেক কৃষক বলেন, তাঁদের আমন ধানের বীজতলা ভেসে গেছে। বীজ ধান না থাকায় তাঁরা নতুন করে বীজতলাও প্রস্তুত করতে পারবেন না।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এবার সাবরাং ইউনিয়নের চার হাজার হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এসব জমিতে আবাদের জন্য ৭৫৮ হেক্টরে বীজতলা করা হয়। কিন্তু বিভিন্ন এলাকার ৩২০ হেক্টর আমন বীজতলা ডুবে গেছে। অনেক বীজতলার চারা পচে নষ্ট হয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, নতুন করে বীজতলা তৈরির জন্য এখনো যথেষ্ট সময় আছে। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের দেরিতে চাষাবাদের উপযোগী ব্রি-২২ ও ব্রি-২৩ জাতের ধান চাষের পরামর্শ দেন।