টেকনাফে ডুবোচরে আটকা পড়ছে জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে নাব্যতা কমে যাওয়ায় প্রায়ই ডুবোচরে পর্যটকবাহী জাহাজ আটকে পড়ার ঘটনা ঘটছে। গত বুধবারের পর আজ শনিবারও ওই নৌপথে সেন্ট মার্টিন থেকে ফেরার পথে কেয়ারি সিন্দবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, এলসিটি কুতুবদিয়া ও বে-ক্রুজ বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকার ডুবোচরে আটকা পড়ে। এ চারটি জাহাজে প্রায় ১৬০০ পর্যটক আড়াই ঘণ্টার মতো আটকে ছিলেন।

শনিবার বেলা আড়াইটার দিকে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই কিছু সংখ্যক পর্যটক দ্বীপে রেখে ওই চারটি জাহাজ সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে আসার প্রায় ৫৫ মিনিট পর সাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছালে একে একে সব কটি জাহাজ ডুবোচরে আটকা পড়ে। পরে বিকেল পাঁচটার পর জোয়ার এলে জাহাজ চারটি ভেসে উঠলে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেয়। এর আগে গত বুধবারও সাড়ে সাত শতাধিক পর্যটক নিয়ে এলসিটি কাজল চার ঘণ্টা ডুবোচরে আটকে ছিল।

আজ ডুবোচরে আটকে পড়া কেয়ারি সিন্দবাদের যাত্রী ছিলেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ। তিনি প্রথম আলোকে বলেন, চারটি জাহাজে প্রায় ১৬০০ পর্যটক ছিল। এর মধ্যে ১৫০ জনের মতো স্থানীয় লোকজন ছিল। তিনি জানান, সাগরের ডুবোচরে একে একে চারটি জাহাজ আটকা পড়ে। এ সময় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে কান্নাকাটি করতেও দেখা যায়।

কেয়ারি সিন্দবাদ টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, ‘সাগরের নাইক্ষ্যংদিয়া নামক এলাকাটি এখন বিপজ্জনক হয়ে পড়েছে। ডুবোচরে প্রায়ই জাহাজগুলো আটকে পড়ছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে নাব্যতা কমে গেছে। এ নৌপথে একাধিক ডুবোচর জেগে ওঠায় প্রতিনিয়ত জাহাজ আটকা পড়ার ঘটনা ঘটছে। পর্যটকদের কথা বিবেচনা করে শিগগিরই খননের ব্যবস্থা করা প্রয়োজন। না হলে এ পথে যে কোনো সময় পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যেতে পারে।’