টেকনাফে তিন লাখ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা বদর মোকাম এলাকা থেকে গতকাল সোমবার রাতে ৩ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার চালান আনা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদের নেতৃত্বে বিজিবির সদস্যরা শাহপরীর দ্বীপের জেটি ঘাট ও ঘোলাপাড়া এলাকায় তিনটি স্পিডবোট নিয়ে অবস্থান নেন। রাত নয়টার দিকে মিয়ানমার থেকে একটি নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। একপর্যায়ে নৌকাটি নাফ নদীর মোহনার বদর মোকামে পৌঁছালে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় নৌকায় থাকা লোকজন নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালিয়ে যান। পরে নৌকায় তল্লাশি করে তিন লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ইয়াবা বহনকারী নৌকাটি জব্দ করা হয়েছে।
লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইয়াবার মূল্য প্রায় ৯ কোটি টাকা।