কক্সবাজারের টেকনাফে নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এ অসুখে আক্রান্ত হয়ে মারা গেছে তিন শিশু। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে আরও ৯৭ শিশু। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ দাবি করেছে, প্র্রতিদিন নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৪০-৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। গতকাল পর্যন্ত ছয় দিনে তিন শতাধিক লোক ভর্তি হয়েছে। গত দুই দিনে ভর্তি হয়েছে ৯৭ শিশু। এদের মধ্যে ৭৮ শিশু ডায়রিয়ায় ও বাকিরা শ্বাসকষ্টে আক্রান্ত। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে নিউমোনিয়া ও ডায়রিয়ায় তিন শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা হলো: সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়ার আবদুল জলিলের মেয়ে নুর ফাতেমা (ছয় মাস), বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়ার আলী আহমদের ছেলে হাসান (১০ মাস) ও টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার কবির আহমদের মেয়ে ফরিদা আকতার (আট মাস)। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডায়রিয়ায় মারা যায় এক শিশু। নিউমোনিয়া আক্রান্ত অপর দুই শিশুকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।টেকনাফ হাসপাতালের চিকিৎসক আয়াত উল্লাহ বলেন, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা রোগী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে এক শিশু মারা গেছে। বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিব উল্লাহ ও সাবরাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সালাম দুই শিশুর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুরোগ বিশেষজ্ঞ আতাউর রহমান প্রথম আলোকে বলেন, হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত রোগীর প্রচণ্ড চাপ রয়েছে। আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। আর মৌসুমের কারণে কম বয়সী শিশুরা ব্রঙ্কাইটিসে (শ্বাসকষ্ট) আক্রান্ত হয়ে থাকে। কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, হাসপাতালে রোগী নিয়ে আসার পর থেকে কর্তৃপক্ষ কোনো ওষুধ দিচ্ছে না। বাইরে থেকে ওষুধ কিনে এনে রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে। রোগীর অবস্থা খারাপ হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার কথা বলে তড়িঘড়ি কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দিচ্ছেন।