টেকনাফে তিনটি বন্দুকসহ ২০টি কার্তুজ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে তিনটি অস্ত্র, পাঁচটি লম্বা কিরিচ ও ২০টি কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাবের দাবি, রমজান উপলক্ষে প্রতিদিনের মতো কক্সবাজার থেকে টেকনাফে টহল দেওয়ার সময় বৃহস্পতিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী পাহাড়ি এলাকায় কয়েকজন অস্ত্রধারী ডাকাতের অবস্থানের খবর পেয়ে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর সারওয়ারী আলমের নেতৃত্বে ওই এলাকায় যায়।
এ সময় ডাকাতেরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়। এ সময় আস্তানা থেকে তাদের ফেলে যাওয়া ডাকাতির কাজে ব্যবহূত তিনটি লম্বা বন্দুক, পাঁচটি লম্বা কিরিচ ও ২০টি কার্তুজ উদ্ধার করা হয়। পরে অস্ত্রগুলো টেকনাফ থানা-পুলিশে জমা দেওয়া হয়েছে।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, রঙ্গিখালী এলাকার আশপাশে দুটি রোহিঙ্গা শরণার্থী শিবিরের কয়েকটি সক্রিয় ডাকাত দল রয়েছে।
গত জুন মাসে ওই এলাকা থেকে পাঁচটি অস্ত্রসহ আটজন রোহিঙ্গা ডাকাতকে আটক করে আদালতে পাঠানো হয়েছিল। এর পরও ডাকাতেরা টেকনাফ-কক্সবাজার সড়কে ও বিভিন্ন স্থানে ডাকাতি করে রোহিঙ্গা শরণার্থী শিবিরে অবস্থান করছে।