টেকনাফে দখল হওয়া বৌদ্ধ বিহার পরিদর্শনে প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে দখল হওয়া বৌদ্ধ বিহারটি গতকাল বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল পরিদর্শন করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দলটি এ পরিদর্শনে আসে বলে জানা গেছে। এর আগে জেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হ্নীলা সেন প্রু ক্যাং নামের ওই বিহারের জমি দখল ও এর অবকাঠামোর অংশবিশেষ লুট করেছেন—এমন অভিযোগের ওপর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।গতকাল সকালে পরিদর্শনে যাওয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব শ্যামল মিত্র বড়ুয়া ও মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য সুপ্ত বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সার্কেল উখিয়া-টেকনাফ) ছত্রধর ত্রিপুরা, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক, উপপরিদর্শক (এসআই) নীলু বড়ুয়া এবং সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা অধ্যাপক মো. আলীর বড় ছেলে মাহবুব মোর্শেদ। প্রতিনিধিদলের সদস্যরা তক্তা, সিঁড়ি, কাঠের খুঁটি খুলে নেওয়ার পর ২০০ বছরের পুরোনো বিহারের করুণ দশা দেখে বিস্মিত হন। বিহার দখলের অভিযোগ ওঠা প্রসঙ্গে মাহবুব মোর্শেদ দাবি করেন, ‘বৌদ্ধ বিহারের সাবেক অধ্যক্ষ (ভান্তে) নোটারি পাবলিকের মাধ্যমে ১০০ বছরের জন্য বিহারের চতুরদিকের জমি ইজারা দেন। ইজারা পাওয়ার পর সেখানে বিভিন্ন ধরনের গাছপালা রোপণ করার পাশাপাশি জমিতে আমাদের কয়েকটি বসতবাড়ি ও একটি খামারবাড়ি করা হয়। বর্তমানেও ওই সব জমি আমাদের দখলে রয়েছে।’সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা প্রথম আলোকে জানান, গত ৪ জানুয়ারি কক্সবাজারের রেভিনিউ ডেপুটি কালেক্টর মোহাম্মদ নায়িরুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠি টেকনাফ ভূমি অফিসে পাঠানো হয়েছে। ভূমি অফিস থেকে অবৈধ দখলদার উচ্ছেদের ব্যাপারে সহায়তা চাওয়া হলে পুলিশের পক্ষ থেকে তা দেওয়া হবে। এ প্রসঙ্গে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য সুপ্ত বড়ুয়া বলেন, বিহারটি রক্ষা করা সবার দায়িত্ব থাকলেও এটি লুটপাট করা হয়েছে। তাই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতার বড় ছেলে মাহবুব মোর্শেদ বিহার দখলে নিয়ে ওই এলাকায় ৫০ হাজারের বেশি গাছের চারা রোপণ ও জমিতে কয়েকটি বসতবাড়ি স্থাপন করার কথা স্বীকার করেছেন। গাছের চারা বিষয়ে একটি সমঝোতায় আসার জন্য তাঁকে প্রস্তাব দেওয়া হবে। এতে রাজি না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয়ের সহকারী সচিব শ্যামল মিত্র বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশের পর বৌদ্ধ বিহার এলাকাটি পরিদর্শন করা হয়েছে। দখলের সত্যতা পাওয়া গেছে।